শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘বিদেশী স্বার্থরক্ষায় সর্বনাশা পথ গ্রহণ করেছে সরকার’


‘বিদেশী স্বার্থরক্ষায় সর্বনাশা পথ গ্রহণ করেছে সরকার’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

Anu-m-400x240

নিজস্ব প্রতিবেদক :

তেল-গ্যাস-খনিজ সম্পদ ওঅহঁ স বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট নিরসনের নামে, দেশী-বিদেশী লুটেরা স্বার্থরক্ষা করতে গিয়ে সরকার বারবার দেশের জন্য সর্বনাশা পথ গ্রহণ করেছে।

শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে (নিচতলায়) এক সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ এ মন্তব্য করেন।

তিনি সরকারকে সর্তক করে দিয়ে বলেন, দেশের সম্পদ নিয়ে যথেচ্ছাচার ও ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।

‘সুন্দরবন বিনাশী রামপাল ও ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল এবং বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নে’ জনযাত্রা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, এ সরকার সুন্দরবন-কৃষিজমি-শহর ধ্বংসী রামপাল ও ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ফুলবাড়ি বড়পুকুরিয়ার উন্মুক্ত খনির চক্রান্ত অব্যহত রেখেছে। বঙ্গোপসাগরের গ্যাস ব্লক একতরফা সুবিধা দিয়ে বিদেশী কোম্পানির কাছে ইজারা, কুইক রেন্টালের নামে ১৪ থেকে ১৭ টাকা বা তারও বেশি দরে বিদ্যুৎ ক্রয়, নিরাপত্তা ও পারমানবিক বর্জ্যসহ ভয়াবহ ঝুঁকির নিষ্পত্তি না করে রূপপুরে বিপুল ঋণ ও বিদেশি কোম্পানি নির্ভর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বস্তুত জাতীয় স্বার্থ সমুন্নত না রেখে বিভিন্ন দেশি-বিদেশী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার চেষ্টার কারণেই সমুদ্র সম্পদ নিয়ে অনুসন্ধানে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, জাতীয় কমিটির পক্ষ থেকে কনোকো ফিলিপসের সাথে চুক্তির বিরোধিতা করা হয়েছে। কিন্তু সেসময় সরকার তাড়াহুড়া করে জাতীয় স্বার্থবরোধী চুক্তি করেছিল। কনোকো ফিলিপস তাদের শেয়ারের দাম বাড়িয়ে লাভবান হয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। বাংলাদেশেরই ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ জানান, জাতীয় কমিটির পক্ষ থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার ঢাকা ও নারায়নগঞ্জে এবং ২৭ ফেব্রুয়ারি শনিবার সারা দেশে প্রতিবাদ ও দাবি সমাবেশ করা হবে। এছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ বিভিন্ন শ্রেনী পেশার সাথে মতবিনিময় হবে। এসব শেষে আগামী ১০ মার্চ থেকে ১৫ মার্চ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনে জনযাত্রা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ, প্রকৌশলী কল্লোল মোস্তফা, বহ্নিশিখা জামালী প্রমুখ বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি