গোপনে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি। একটি অংশ আস্তানা গেড়েছে ঢাকা-চট্টগ্রামের উপকন্ঠে। সেখান থেকে এসে নগরে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পরিকল্পনা ছিলো। সম্প্রতি গাজিপুর- মিরপুর ও চট্টগ্রামে জঙ্গি আস্তানা থেকে ৪৪ জনকে গ্রেপ্তারের পর এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা।
সিটি করপোরেশনের মতো ঢাকাকে উত্তর আর দক্ষিণ এই দুই অঞ্চলে ভাগ করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে জেএমবি। দক্ষিণে আব্দুল্লাহ ওরফে শাহাদাত আর উত্তরে নোমান রয়েছেন নেতৃত্বে। তাদের পরের ধাপে নেতৃত্ব দিচ্ছেন সজীব ও পিয়াস।
এই চারজন এখনো আইনশৃঙ্খখলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ কারণে পুলিশ মনে করছে, তারা বেপরোয়া হয়ে ওঠতে পারে।
গোয়েন্দা তথ্য বলছে, প্রশাসনিক সদর দপ্তর বগুড়া হলেও ঢাকা- চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে তারা ঘাটি গাড়ে ঢাকার মিরপুর, গাজিপুর, কামরাঙ্গীর চর, নারায়নগঞ্জ এবং চট্টগ্রামের ফতেয়াবাদ ও কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের খোয়াজনগরে।
এরই মধ্যে তারা সশস্ত্র প্রশিক্ষণ নেয় ঢাকা-চট্টগ্রামের গহীন বনাঞ্চলে। মূল আস্তানায় পুলিশের অভিযানের পর ওই চার নেতা হাতে গোনা কিছু সদস্যকে সংগঠিত করে নতুন সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছে বলে তথ্য আছে পুলিশের কাছে।
পুলিশের তথ্য বলছে, ৯ বছর আগে শীর্ষ ছয় নেতার ফাঁসি কার্যকরের পর জেএমবির হাল ধরেন মাওলানা সাইদুর রহমান। তিনি জেলে গেলে দুইভাগ হয় জঙ্গী এই সংগঠনটি।
এক পক্ষ নিষ্ক্রিয় থাকলেও উত্তরাঞ্চলের একজন চিকিৎসকের নেতৃত্বে অন্য পক্ষ গোপানে জঙ্গি তৎপরতা শুরু করে।























































