রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবিদ্বারে ১৩ ইউনিয়নে নৌকার মাঝি চূড়ান্ত


ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবিদ্বারে ১৩ ইউনিয়নে নৌকার মাঝি চূড়ান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৬

স্টাফ রিপোর্টারঃ

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। এ নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনিত করেছে দলটির তৃণমূল নেতারা।

মনোনিত প্রার্থীরা হচ্ছে উপজেলার শালঘর ইউনিয়নে মোঃ জহিরুল ইসলাম ঝারু চেয়ারম্যান, ইউছুফপুর ইউনিয়নে মোঃ কামাল চৌধুরী, রসূলপুর ইউনিয়নে কামরুজ্জামান জাহিদ, সুবল ইউনিয়নে এম এ রশিদ চেয়ারম্যান, ফতেহাবাদ ইউনিয়নে আবদুস ছালাম চেয়ারম্যান, জাফরগঞ্জ ইউনিয়নে মোঃ সোহরাব হোসেন,এলাহাবাদ ইউনিয়নে মোঃ সিরাজুল ইসলাম চেয়ারম্যান, মোহনপুর ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম চেয়ারম্যান, সুলতানপুর ইউনিয়নে মোঃ সফিক মেম্বার, ধামতী ইউনিয়নে মোঃ ময়নাল হোসেন চেয়ারম্যান, রাজামেহার ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর হোসেন , ভানী ইউনিয়নে মুকুল ভূইয়া, বরকামতা ইউনিয়নে মোঃ জয়নাল চেয়ারম্যান।

তবে কয়েকটি ইউনিয়নে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। আবার কয়েকটি ইউনিয়নে অযোগ্য ও বিভিন্ন দলের ডিগবাজি খাওয়া নেতাদের প্রধান্য দিয়ে তালিকা প্রকাশ করায় প্রার্থীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে।

এর মধ্যে রসুলপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সরকার এর পরিবর্তে মাত্র ২৬ বছর বয়সী কুয়েত প্রবাসী কামরুল ইসলামকে, সুলতানপুর ইউনিয়নে দলের ত্যাগী নেতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সরকার এর পরিবর্তে সফিকুল ইসলামকে, বরকামতা ইউনিয়নে দলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও প্রবীণ আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম এর পরিবর্তে সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনকে মনোনয়ন দেওয়ায় ওই সব ইউনিয়নের দলীয় প্রার্থী প্রত্যাশীসহ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরকামতা ইউনিয়নে মনোয়ন প্রত্যাশী আলহাজ্ব নূরুল ইসলাম জানান, দলে যখন কেউ হাল ধরার ছিল না তখন আমি বরকামতা ইউনিয়নে আওয়ামীলীগের হাল ধরেছিলাম। আমার ছেলেরা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। এবার তৃণমূল থেকে আমার নাম নির্বাচিত হওয়ার পর যে ব্যক্তি চেয়ারম্যান থাকা কালিন রিফিলের চাল আত্মসাৎ করার প্রমাণিত হওয়ায় বরখাস্ত হন তাকেই আবার দল থেকে মনোনয়ন দেয়!

একই ভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রসুলপুর ইউনিয়নের আবুল কাশেম ও সুলতানপুর ইউনিয়নের শাহজাহান সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি