জনগণকে বিভ্রান্ত করতে কিছু মহল বিদেশি শ্রমিক নিয়োগের ইস্যুটি নিজ স্বার্থে ব্যবহার করায় হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী নূর জাজলান মোহাম্মাদ। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের অনুরোধের ফলশ্রুতিতেই দেশটির নাগরিকদের নিয়োগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর নিউ স্ট্রেইটস টাইমস অনলাইনের।
রোববার শ্রী রহমাতে স্কুল ছাত্রদের মাঝে সাহায্য প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
জাজলান বলেন, ‘যেসব শ্রমিকদের অধিকাংশই স্বদেশে এজেন্টদের কাছে প্রতারিত হচ্ছে বাংলাদেশ সরকার সেসব শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে চেয়েছে। তাদের মধ্যে যেসব শ্রমিক মালয়েশিয়ায় এসেছে তাদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে তারা আমাদের সরকারের সহযোগিতা চেয়েছে।’
তিনি বলেন, ‘মানব সম্পদ মন্ত্রণালয়ের মতো স্পষ্ট করে বলতে হয়, বাংলাদেশ সরকার ১৫ লাখ শ্রমিকের নিবন্ধনের প্রস্তুতি নিয়েছে। এসব শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। তাদের শুধু মালয়েশিয়ায় নয় যেকোন দেশে নেয়ার প্রস্তাব করা হয়। কিন্তু কিছু ওয়েবসাইটে ভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।’
উপপররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুন:নিয়োগ কর্মসূচি যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে। এ কর্মসূচির জন্য কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে আমি আশা করি, এটা দীর্ঘ সময় নেবে না।’ কী পরিমাণ অবৈধ বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় আছে তা নির্ধারণ করতে এ কর্মসূচি সরকারকে সাহায্য করবে বলে তিনি মন্তব্য করেন।
যদিও তিনি কোন নির্দিষ্ট চিত্র প্রকাশ করতে চাননি। শুধুমাত্র বলেছেন, দেশে বহু অবৈধ অভিবাসী রয়েছে।

























































