রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এরশাদ আমাকে ৩০ লাখ টাকায় কেনার চেষ্টা করেছিলেন : শাজাহান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

a3-400x251
ডেস্ক রিপোর্টঃ

নৌ পরিবহন মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর আহ্বায়ক ও শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খান বলেছেন, আমি একজন কর্মী। আমাকে কিভাবে মূল্যায়ন করবেন সেটা জানেন আমার নেত্রী। একজন কামলার পারিশ্রমিক কি হবে সেটা মালিক ঠিক করেন। আমি আমার কাজ করে যাচ্ছি। পদ পাওয়ার জন্য না। ৪৫ বছর পার  করেছি শ্রমিক রাজনীতি করতে করতে।

বৃহস্পতিবার সকালে দৈনিক আমাদের অর্থনীতির সঙ্গে এক বৈঠকে তিনি এই সব কথা বলেন। বৈঠকের সূচনা করেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর সদস্য সচিব কামাল পাশা চৌধুরী, সহকারি সদস্য সচিব রোকেয়া প্রাচী ও কামরুল আলম সবুজ,আমাদের অর্থনীতির উপ সম্পাদক বিশ্বজিৎ দত্ত ও প্রধান প্রতিবেদক দীপক চৌধুরীসহ সিনিয়র ও বিভিন্ন বিটের সাংবাদিকবৃন্দ।

আপনাকে আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কোন পদে দেখা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমিতো এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য নই। স্কুল জীবন থেকে রাজনীতি করেছি। বাবার সুবাদে শৈশবকালে বঙ্গবন্ধুকে দেখার সুযোগ হয়েছে। সোহরাওয়ার্দীকেও দেখেছি। সৌভাগ্য হয়েছে তাদের কোলে বসার। সেই জন্য আমি অনুপ্রাণিত হয়েছি। এই সময়ে তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধুর জন্য গুড় নিয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরে বলেন, তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, গ্রামের মানুষ কেমন আছে, আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম, চাচা গ্রামের মানুষ ভাল নাই। অনেক মানুষ না খেয়ে থাকে। তখন তিনি আমাকে বলেন, ওরা আমার দেশটা শেষ করে দিবে। জ্বালিয়ে পুড়িয়ে দিবে।

শাজাহান খান বলেন, আমি  মুক্তিযুদ্ধ করেছি। দায়িত্ব নিয়ে করেছি। আমার প্রতি মুক্তিযোদ্ধা হিসাবে অনেক দায়িত্ব এসে যায়। আমি এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে আমি ছিলাম না। ’৮৬ তে প্রথম স্বতন্ত্র এমপি হই। আমি স্বতন্ত্র থাকার কারণে এরশাদ আমাকে কেনার চেষ্টা করলেন। এই জন্য আমার মূল্য তোলা হয়েছিল ৩০ লাখ টাকা। আমি টাকার রাজনীতি করি না। আমাকে যেদিন কেনার টাকা পয়সা দাম ওঠে এরপর দিন ৯ জুলাই একটি খবরের কাগজে বের হলো কেনা বেচার রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তিনি বলেন, দেশের প্রতি ভালবাসা ও মমত্ববোধ সৃষ্টি হয়েছে বাবার অনুপ্রেরণা থেকে। মুক্তিযুদ্ধের পর সাহসী হলাম। ওয়ান ইলেভেনে নেত্রী গ্রেপ্তার হওয়ার পর যে আন্দোলন শুরু করেছি সেটা আমি শুরু করি। এখনকার রাষ্ট্রপতি (আব্দুল হামিদ) ওই সময় সহায়তা করেন। তিনি আমাকে বললেন, আপনি আগান। আমি বললাম, প্রেস ব্রিফিং করতে হবে। বিবৃতি দিতে হবে। সংসদ সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করি। হামিদ ভাইকে দিয়ে দুটি সংবাদ সম্মেলন করি। কেয়াটেকারের সময়ে এমপি হোস্টেল দখল করতে চেয়েছিল। তখন আমি ওখানে যে একটি কমিট ছিল এর আহ্বায়ক ছিলাম। এটা দখল করার চেষ্টা করে ওয়ান ইলেভেনের সরকার। এর বিরুদ্ধে আমি আন্দোলনের সূচনা করি ও শেষও আমি করি। তারা শেষ পর্যন্ত পিছু হটে। ২০১৩তে গার্মেন্টস সেক্টরে যে জ্বালাউ পোড়াও হলো তখন প্রধানমন্ত্রী আমাকে ওই আন্দোলন থামানোর দায়িত্ব দেন। আমি সেটা সফলভাবেই থামাতে সক্ষম হই।

তিনি তার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে বলেন, আমাকে যখন মন্ত্রী করা হলো তখন নৌ পরিবহন মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল। আমি চেষ্টা করেছি দুটি মন্ত্রণালয়ে সাফল্য আনার জন্য। আমি চেষ্টা করেছি উন্নয়ন করার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে থাকতে ছয় গ্রুপকে এক করে একটি মঞ্চ গঠন করেছি। রেল পথ উপড়ে ফেলার ঘটনা ঠেকাতে রেলপথ যাত্রা করি। সিলেটে জনতার অভিযাত্রা করি। ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পক্ষে কথা বললে ও কাজ করলেও আমার ডাকে সাড়া দিবে। বঙ্গবন্ধুকে কত রকম ভাবে ঠেকানোর চেষ্টা হয়েছে। সব বাঁধা দূর করে বাংলাদেশকে স্বাধীনতার দিকে নিয়ে গেছেন। আমি তার পথ অনুসরণে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমি রাজনৈতিক নেতা হিসাবে কোথায় থাকলাম, না থাকলাম সেটা বড় কথা নয়। বড় কথা হলো নৈতিক দায়িত্ব। মুক্তিযোদ্ধা হিসাবে সেই দায়িত্বটাও পালন করতে হবে। যে দেশটাকে স্বাধীন করেছি সেই দেশটাকে সমৃদ্ধশালী করতে হবে। তা করার চেষ্টা করছি।

তিনি বলেন, এখন কাজ করছি আরো একটি বিষয়ে। পাকিস্তান মানবতাবিরোধিদের অপরাধীদের পক্ষে কাজ করছেন। তাদেরকে সাচ্চা মুসলমানও বলছে। সংসদেও প্রস্তাব আনছে বাংলাদেশের বিরুদ্ধে। এই ইস্যুতে পাকিস্তানের ভূমিকা ও পাকিস্তান  দূতাবাস কিভাবে কাজ করছে, সেটাও প্রকাশ পেল। জাল টাকা ও জঙ্গীদের ম“ দিচ্ছে সেটাও প্রকাশ হলো।  তাদের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনীতিটাকে ভেঙ্গে দেওয়া। পাকিস্তানতো যা করছে তা ঠিক করছে না। দিল্লির যে চুক্তি ছিল ওই চুক্তি মোতাবেক আমরাতো তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু কথাতো তারা রাখেনি।

তিনি বলেন, প্রথমে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তান সেনার সদস্যর বিচারের কথা উঠেছিল। কিন্তু এখন আর সেই সংখ্যা ১৯৫ জনে নেই ২১৯ জনে পৌঁছেছে। তাদের নাম পাওয়া গেছে। এখন আমরা চাই ২১৯ জনের বিচার করতে হবে।

তিনি বলেন, দিল্লিতে যে চুক্তি হয়েছিল সেখানে ১৪ নং অনুচ্ছেদে বলা হয়েছিল, পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের এসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইবে। ১৯৭১ সালের সকল ঘটনার জন্য দু:খ প্রকাশ করবে। ক্ষমা চাইবে।

১২ নং অনুচ্ছেদে বলা হয়েছিল, বাংলাদেশে যে সব পাকিস্তানি আছেন তাদেরকে ফিরিয়ে নিতে হবে। কিন্তু পরবর্তীতে তারা এই কাজগুলো করেনি। তারা চুক্তি রক্ষা করেনি। একটাও করেনি। তারা চুক্তি লঙ্ঘন করেছেন। ওই চুক্তি পালনের কোন দায় আমাদের নেই। আমাদের চুক্তি পালনের বিষয় নেই। তারা চুক্তিভঙ্গ করার কারণে ১৯৫ জনের চিহ্নিত যুদ্ধপরাধী পাকিস্তানি সেনার ২১৯ জনের বিচার করতে কোন সমস্যা নেই। প্রথমে আমরা প্রতীকি বিচার চেয়েছিলাম। পরে আমরা দেখলাম তদন্ত সংস্থা এই ব্যাপারে কাজ শুরু করেছে। বিভিন্ন জায়গায় তথ্য চেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের বিচারের জন্য আইন আছে। আমাদর এখানেও হতে পারে।

গণবিচার ও প্রতীকি বিচার না করে প্রকৃত বিচার করার জন্য করার জন্য আমাদের তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছে। তারা কাজ শুরু করেছে। তারা কিভাবে কাজ করছে সেটাও বলেছে। এই তথ্যগুলোকে তদন্ত সংস্থার কাছে আমরা দেব। বিচারকাজ যাতে দ্রুত হয়। আন্তর্জাতিকভাবে আমাদের ১৯৭১ এর গণহত্যার বিষয়টিও স্বীকৃত নয়। সেই স্বীকৃতিও  চাই।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের পক্ষ সংগঠন করেছি। এটা যৌথ আন্দোলন। এটা থেকে ২১ দফা লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এটা নিয়ে অনেকের সঙ্গে কথা বলছি। আরো বলবো। এই জন্য আমরা হয়তো ৬ এপ্রিল সোহরোওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠানও করবো। সেখান থেকে আমাদের একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করবো ও সংস্থার কাছে হস্তান্তর করবো। আমরা যে দাবি করছি তা পূরণ করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি