ইমতিয়াজ আহমেদ জিতুঃ
একুশের প্রথম প্রহরে কুমিল্লা নগরীর টাউনহলের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে শহীদদের স্মৃতিতে পুর্ষ্পাঘ অর্পণ করতে দেখা গেছে বিভিন্ন রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনকে। এমন দৃশ্য হতাশ করেছে দেশপ্রেমিক মানুষদের।
রোববার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১ মিনিট থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপরই এমন দৃশ্য দেখা যায়। কুমিল্লা সিটি কর্পোরেশন ও টাউন হলের তত্ত্বাবধানে রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি।
খালি পায়ে সর্বোচ্চ সম্মানের সহিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের নিয়ম থাকলেও প্রায় বছরই জুতা পায়ে শহীদ মিনারে অনেককেই প্রবেশ করতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেককে জুতা পায়ে , আবার অনেককে জুতা হাতে নিয়ে প্রবেশ করতে দেখা গেছে।
জুতা হাতে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করতে দেখা গেছে কুমিল্লা বাখরাবাদ গ্যাস কোম্পানির অফির্সাস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতাকর্র্মীদের, জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী, জুতা পায়ে পুষ্পার্ঘ অর্পণ করতে দেখা গেছে জেলা ও মহানগর যুবদলের কয়েকজন উচ্চ পর্যায়ের নেতাকে এবং মহানগর আ’লীগের কয়েকজন নেতাকর্মীকে। এছাড়া কিছু সংগঠনের তরুন যুবকদেরকেও জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।
এভাবে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি হতাশ করেছে স্থানীয় লোকদের।
কান্দিরপাড়ের ব্যবসায়ী আব্দুল বাতেন জানান, এমন ঘটনা দুঃখজনক। প্রশাসনের উচিত এ বিষয়ে নজর দেয়া দেয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লার একজন শিক্ষাবিদ জানান, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করে। আর তারাই যদি এমন আচরণ করে , তার চেয়ে দুঃখের বিষয় আর কি আছে । রক্তের বিনিময়ে অর্জিত আমার প্রিয় বাংলা ভাষা দিবসে এমন আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সবারই উচিত এ বিষয়ে সচেতন হওয়া।


















































