সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো বলেছেন, গত ৪ বছরে ১০৮৫ জন শিশুকে হত্যা করা হয়েছে। প্রতিদিনই শিশু নির্যাতন, ধর্ষণ বা হত্যার কথা সংবাদপত্রে দেখা যাচ্ছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারাদেশে শিশু হত্যা-নির্যাতন বন্ধ, শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল শিশুর জন্য মৌলিক ও মানবিক অধিকার অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রওশন আরা রুশো বলেন, সংবাদপত্রে দেখা যাচ্ছে না এমন আরও অনেক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। প্রত্যেক বছর বেড়েই চলেছে এই শিশু নির্যাতন। তুচ্ছ ঘটনায় শিশুকে নির্যাতন করা হচ্ছে। বৈষম্যের সমাজ এই শিশু নির্যাতন আরও বাড়িয়ে দিচ্ছে একজন শিশু মৌলিক অধিকার থেকে বঞ্চিত অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত মানেই সে নির্যাতিত। আমরা হয়তো নির্যাতিতের পরিসংখ্যানে তাকে আনছি না কিন্তু তারাও নির্যাতিত। আমাদের দেশে ১২ লক্ষাধিক পথশিশু। যে শিশুর খেলাধুলা করার কথা, স্কুলে যাওয়ার কথা তাদেরকে আমরা কোথায় ঠেলে দিচ্ছি?
বক্তরা বলেন, সামাজিক-অর্থনৈতিক বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অস্থিরতা, পুঁজিবাদী-ভোগবাদী মানসিকতা, মুনাফার সংস্কৃতি, মানবিক মূল্যবোধের অধপতন, স্বার্থপরতা আজ সমাজ মানসিকতায় বাসা বেধেছে। ফলে শিশুর জন্য নিরাপদ একটি মানবিক সমাজ গঠন করতে সামাজিক আন্দোলন প্রয়োজন। বক্তারা শিশুর মানবিক অধিকার রক্ষার আন্দোলনে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান ।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎøা, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি রুখসানা আফরোজ আশা ও মুক্তা বাড়ৈ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন।


























































