ডেস্ক রিপোর্টঃ
দেশের বিভিন্ন স্থানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রাজাকার পুত্র ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নাম থাকায় নেতাকর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।
অনেক জেলায় আওয়ামী লীগের ভরাডুবির আশঙ্কা করছে নেতাকর্মীরা। পরাজয় ঠেকাতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মীরা।
মাঠ পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও সংশ্লিষ্ট থানা বা জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার কারণে মনোনয়ন বঞ্চিত হয়েছেন অনেকেই। এদের মধ্যে অনেকেই দলীয় সভানেত্রী বরাবর লিখিত আবেদন আবেদন করেছেন।
সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় বোর্ড ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বরাবর লিখিত অভিযোগ করেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. এরফান আলী। লিখিত অভিযোগে তিনি দলীয় প্রার্থী মনোনয়নের বিভিন্ন অনিয়ম তুলে ধরে জানান, গত ১৩ ফেব্রুয়ারি পাইকেরছড়া ইউনিয়স আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্য ভোটগ্রহণ করা হয়। মোট ৬৫ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটার ভোট প্রদান করেন। এতে মো. লুৎফর রহমান ২৩ ভোট, মো. এরফান আলী ২০ ভোট, মো. আব্দুর রাজ্জাক ৭ ভোট, মো. নজির হোসেন ৩ ভোট, ও মো. আব্দুল জব্বার ১ ভোট পেয়েছেন। এর মধ্যে আব্দুল জব্বার জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি, নজির হোসেনেরও আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আব্দুর রাজ্জাক জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু তাকে ফেল করানোর জন্য ভুরুঙ্গামারী উপজেলার সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন অন্যদলের নেতাকর্মীদের প্রার্থী ঘোষণা করেন।
সূত্র জানায়, ভুরুঙ্গামারির পাইকেরছড়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক জাতীয় পার্টির মনোনয়নের জন্য তার ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য মোশতাকের ঢাকার বাসায় অবস্থান করেন। তাকেও প্রার্থী হিসেবে ঘোষণা করেন খোকন চৌধুরী। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। ঠিক একইভাবে উপজেলার ১০টি ইউনিয়নের প্রার্থী মনোনয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে বঞ্চিত হন পরীক্ষিত ও ত্যাগী নেতাকমীরা। গত ১৮ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভুরুঙ্গামারি যান এবং সার্বিক পরিস্থিতি অবলোকন করেন। এ সময় নেতাকর্মীদের তোপের মুখে কোনো সিদ্ধান্ত ছাড়াই গভীর রাতে তারা ভুরুঙ্গামারি ত্যাগ করেন।
সর্বশেষ জানা যায়, পাইকেরছড়া ইউনিয়নের স্বীকৃত রাজাকার জয়নুদ্দিনের ছেলে লুৎফর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত নেয়া হলে গত ২০ ফেব্রুয়ারি ভুরুঙ্গামারিতে দিনভর বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে মাত্র ৩ ভোট পাওয়া নজির মিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়। অথচ দ্বিতীয় স্থানে ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইরফান আলী। নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জেলা কমিটির সভাপতি-সম্পাদকক নজির মিয়ার প্রার্থিতা বাতিল করলে খোকন চৌধুরী পুনরায় নজির মিয়াকে বাদ দিয়ে স্থানীয় চিহ্নিত রাজাকার জয়নুদ্দিন মাস্টারের পুত্র লুৎফরকে মনোনয়ন দেয়ার অপচেষ্টা চালান। এ পরিস্থিতিতে ঐ ইউনিয়নের নেতাকর্মীদের দ্বিধাবিভক্তি দেখা দেয়।
অপরদিকে, আন্ধারীঝাড় ইউনিয়নে আরেক চিিহ্নত রাজাকার মৃত খালেক মন্ডলের পুত্র ফজলুল হককে মনোনয়ন দেয়া হয়। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে। রাজু আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রহস্যজনক কারনে ঐ রাজাকার পুত্রকে পরিবর্তন না করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অনেকে দলের কাজ না করারও ঘোষণা দিচ্ছে।
অন্যদিকে, ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা না করে নুরুন্নবী চৌধুরী তার পছন্দের প্রার্থী ইসলামুল হককে মনোনীত করতে উপজেলা কমিটির সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করায় সেখানে দলীয় কোন্দল চরম আকার ধারণ করেছে। এমন স্বেচ্ছাচারিতার বিরোধীতা করায় ইউনিয়নে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে লাঞ্ছিত হতে হয়। বলদিয়া ইউনিয়নেও ইসলামুলের সহোদর ভাই শহিদুলকে মনোনয়ন দেয়ায় সেখানেও দলের মধ্যে দ্বিধাবিভক্তি ও কোন্দল দেখা দেয়। পাথরডুবি ইউনিয়নে ত্যাগী নেতা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশারকে কৌশলে বাদ দিয়ে সহ-সভাপতি আব্দুল করিমকে মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা নুরুন্নবী চৌধুরীকে তার অফিস কক্ষে গত শনিবার অবরুদ্ধ করে রাখে। এ নিয়ে ওই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।


























































