শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দুই শিশু হত্যা, আদালতে জবানবন্দি দিলেন সৎ বোন তানজিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৬

2 baby

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় দুই শিশুর হত্যার ঘটনায় কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুই শিশুর সৎ বোন তানজিনা আক্তার।

সোমবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক সাইফুল ইসলামের কাছে জবানবন্দি দেন তানজিনা ।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, তানজিনা আদালতে বলেছেন, জয় ও মনিকে আমার বড় ভাই ছোটন খুন করেছে ।

উলে¬খ্য যে, ২৭ ফেব্রুয়ারী শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকায় ঘরের মধ্যে শ্বাসরোধ ও গলায় দড়ি পেচিঁয়ে হত্যা করা হয় স্থানীয় মুদি দোকানদার আবুল কালামের দ্বিতীয় সংসারের দুই ছেলে শিশু জয় (৮) ও মনিকে (৬)। বিকেল ৪ টায় পুলিশ লাশ দুটি উদ্ধার করে । এ ঘটনার পর প্রথম সংসারের দুই সন্তান ছোটন ও তানজিনা পালিয়ে যায়। নিহত দুই শিশুর পিতা আবুল কালামের দুই সংসার। প্রথম সংসারে ৩ মেয়ে ও এক ছেলে এবং দ্বিতীয় সংসারে ২ সন্তান আবুল কালামের। প্রথম সংসারের দুই সন্তান এবং দ্বিতীয় সংসারের স্ত্রী ও তার দুই সন্তান একই বাড়িতে থাকত।
আবুল কালামের দ্বিতীয় স্ত্রী রেখা বেগমের মাতা হত্যাকান্ডের তিন দিন আগে মারা গেছেন। শাশুড়ির মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার লক্ষ্যে ঘটনার দিন বেলা সাড়ে ১১ টার দিকে স্ত্রী রেখা বেগমকে (জয় ও মনির মাতা) নিয়ে জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শালদানদী এলাকায় যান আবুল কালাম।
যাওয়ার সময় দ্বিতীয় সংসারের সন্তান জয় ও মনিকে প্রথম স্ত্রী রোকেয়া বেগমের দুই সন্তান ছোটন (ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ বিষয়ের ছাত্র) ও তানজিনার (দশম শ্রেণির ছাত্রী) কাছে রেখে যান। বিকেল সাড়ে ৩ টায় বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে বিছানায় দুই শিশুর লাশ দেখতে পায়। বিছানার পাশে দড়ি ও গামছা পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (২৭ ফেব্রয়ারী) রাতে দুই শিশুর মাতা রেখা বেগম বাদি হয়ে সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। দুই শিশুর হত্যার ঘটনায় সৎ ভাই ছোটনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ২৮ ফেব্রুয়ারী বাড়িতে ফিরে আসেন সৎ বোন তানজিনা। ২৯ ফেব্রুয়ারী আদালতে গিয়ে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে স্বাক্ষী প্রদান করেন।

আসামি ছোটন সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকার মুদি দোকানদার আবুল কালামের প্রথম সংসারের সন্তান। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ -তে অধ্যয়নরত রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি