চট্টগ্রামে পানি এবং খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকারী ৬০ থেকে ৭০ ভাগ প্রতিষ্ঠানেরই বিএসটিআইয়ের লাইসেন্স নেই। তার পরেও মান তদারকি এই সংস্থাটি নিষ্কীয়। ফলে ভেজাল খেয়ে প্রতিনিয়ত ঠকছেন ভোক্তারা। আর অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে ব্যবসা ছাড়ছেন লাইসেন্সধারীরা। অভিযান চালাতে না পারার জন্য জনবল সংকটকে দুষছেন বিএসটিআই। তবে ক্যাবের দাবি এই সবই ঠুনকো অজুহাত।
বিএসটিআই‘র লাইসেন্স নিয়ে বছর দুয়েক আগে পানির ব্যবসায়ে নামেন জামাল উদ্দীন। বিনিয়োগ করেন প্রায় ২৫ লাখ টাকা। চট্টগ্রামে জামাল উদ্দীনের মত আইন মেনে পানির ব্যবসা করছে মাত্র ২২ টি প্রতিষ্ঠান। কর প্রদানসহ বিভিন্ন খাতে প্রতি বছর যাদের খরচ পড়ে ৩ লাখ টাকা।
অন্যদিকে কোন ধরনের অনুমোদন না নিয়ে একই ব্যবসা করছে শতাধিক অবৈধ প্রতিষ্ঠান। যাদের নেই হয়রানি, নেই খরচ। প্রতিযোগিতায় টিকতে না পেরে ব্যবসা বন্ধের উপক্রম জামাল উদ্দীনের।
জামাল উদ্দীন বলেন, ‘আমাদের ভ্যাট দিয়ে ব্যবসা করতে হচ্ছে। আর অবৈধ যারা আছে তাদের ভ্যাট দিতে হচ্ছে না। যার কারণে অবৈধ ব্যবসায়ীদের সাথে আমাদের দামের পার্থক্য হয়ে যাচ্ছে’।
ব্যবসায়ীদের অভিযোগ নজদারিতে কোন ভূমিকা রাখতে পারছে না মান তদারকি সংস্থা বিএসটিআই। ফলে একদিকে ভেজালের দৌরাত্ব বাড়ছে, অন্যদিকে ব্যবসা ছাড়ছে লাইসেন্সধারীরা।
একজন ব্যবসায়ী বলেন, ‘অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হয় আগামী ৩ থেকে ৪ বছর পরে চট্টগ্রামে হয়তো কোন বৈধ কারখানা থাকবে না’। গেল এক বছর ধরে চট্টগ্রামে টানা অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। অভিযান চালাচ্ছে র্যাব, পুলিশসহ অন্য প্রতিষ্ঠানগুলো। কিন্তু বিএসটিআই‘র ভূমিকা সবার কাছে প্রশ্নবিদ্ধ।
চট্ট্রগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘৭০ থেকে ৭৫ শতাংশ ফ্যাক্টরিতে লাইসেন্স নাই। বিএসটিআই‘র লাইসেন্সের ক্ষেত্রে শুধু লাইসেন্স জরুরি না। এখানে মান নিয়ন্ত্রণের একটা বিষয় রয়েছে। মান নিয়ন্ত্রণের কারণে লাইসেন্সটা দেখা। কিন্তু আমি খুব হতাশ হয়েছি এত কম সংখ্যক দোকানে বিএসটিআই‘র লাইসেন্স রয়েছে’।
চট্টগ্রাম বিএসটিআই‘র ভারপ্রাপ্ত পরিচালক শওকত ওসমান বলেন, ‘আমাদের জনবলের তুলনায় কাজ অনেক বেশি। আামদের সব সীমাবদ্ধতা মেনেই কাজ করতে হবে’।
চট্টগ্রামের ক্যাব সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘লোকবল সংকটের কথা বলছে, আবার অনেক সময় তাদের কাছে যন্ত্রপাতি সংটের কথা বলে, এটা আসলে একটা অজুহাত মাত্র’। লাইসেন্স প্রদান এবং নবায়ণেও বিএসটিআই‘র হয়রাণির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।


























































