ডেস্ক রিপোর্টঃ
রাজধানীসহ সারাদেশে গত ৪ ব্ছরে খুন হয়েছে ১ হাজার ৮৫ মিশু। শিশুদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে শিশুদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক শিশু অপহরণ-খুন-লাশ গুমের বীভৎস ঘটনা টিভি চ্যানেল-পত্রপত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে ছোট্ট সোনামণিরা জেনে যাচ্ছে। যা তাদের অবচেতন মনে ভফঙ্করভাবে আঁচড় কাটছে।
শিশুদের কল্পনার মানসে ভেসে থাকা এসব নৃশংস চিত্র ঘুমের মধ্যে তাদের কাছে দুঃস্বপ্ন হয়ে ধরা দিচ্ছে। বিশেষ করে বিপুলসংখ্যক শিশু নিকটাত্মীয়স্বজনের হাতে খুন হওয়ায় তারা ঘর-বাইরে সবর্ত্রই নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা যায়, চলতি বছরের শুরুতে শিশু অপহরণ-খুন ও লাশ গুমের খবরে খুদে শিক্ষার্থীদের অনেকের মধ্যেই ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়েছে। আতঙ্কগ্রস্ত অনেকে লেখাপড়ায় মনোযোগ হারাচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী স্কুল ছুটির আগে-পরে এবং ক্লাসের ফাঁকে শিশু নির্যাতনের নৃশংস ঘটনার কথা বলাবলি করছে।
একজন অভিভাবক জানান, তার ছেলেমেয়ে যাতে এসব বীভৎস খুন ও লাশ গুমের ঘটনা জেনে আতঙ্কিত হয়ে না পড়ে এজন্য তিনি বাসায় পত্রিকা নেয়া বন্ধ করেছেন। সন্তানদের উপস্থিতিতে টিভি চ্যানেলে খবরও দেখছেন না। অথচ তার ফোর-ফাইভ পড়ুয়া দুই ছেলেমেয়ে প্রায় প্রতিদিনই স্কুল থেকে এসে কোথায় কীভাবে কোন শিশু খুন হয়েছে তা তাদের জানাচ্ছে। এসব ঘটনা বলার সময় সন্তানদের চোখে-মুখে আতঙ্কের ছায়া দেখতে পাচ্ছেন বলে দাবি করেন পেশায় ব্যবসায়ী ওই অভিভাবক।
মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দা বিলাল হোসেন জানান, হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে নৃশংসভাবে খুনের পর মাটিচাপা দিয়ে লাশ গুমের ঘটনা টিভি দেখার পর তার ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর বাসায় বেড়াতে যেতেও ভয় পাচ্ছে। এমনকি বাড়িতে কোনো নিকটাত্মীয় এলেও তাদের অসৌজন্যমূলকভাবে এড়িয়ে চলছে। এ ধরনের নৃশংস ঘটনা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি এ ধরনের খবর প্রচার-প্রকাশে মিডিয়াকে সংযত হওয়ার অনুরোধ জানান এই অভিভাবক।
রাজধানীর বনশ্রীর দুই শিশুর খুনের দায় স্বীকার করে মা মাহফুজা মালেক ওরফে জেসমিন র্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর অনেক মা ই মানসিকভাবে ভীষণ মুষড়ে পড়েছেন। জগতের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল-ই শিশুর কাছে ভয়ঙ্কর মৃত্যু গহ্বর হয়ে দেখা দেবে। এতে শিশুরা মানসিক বিকারগ্রস্ত হবে বলে মন্তব্য করেন আতঙ্কগ্রস্ত একাধিক অভিভাবক।
এদিকে ভয়াবহ এ পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন সমাজবিজ্ঞানীরা। তাদের ভাষ্য, সমাজে যে অবক্ষয় হয়েছে, শিশু অপহরণ ও হত্যার ঘটনা বৃদ্ধি তারই প্রতিচ্ছবি। এ ধরনের নিষ্ঠুরতা থেকে শিশুদের নিরাপদ রাখতে হলে সমাজের অবক্ষয় দূর করতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। শিশু অপহরণ ও হত্যায় জড়িতদের বেশিরভাগই ধরা পড়ছে না। ফলে বিচারবঞ্চিত হচ্ছে ভুক্তভোগী শিশুর পরিবার।
শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, সারাদেশে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত ১ হাজার ৮৫ শিশু হত্যার শিকার হয়েছে। এর মধ্যে ২০১২ সালে ২০৯, ২০১৩ সালে ২১৮, ২০১৪ সালে ৩৬৬ জন এবং ২০১৫ সালে ২৯২ শিশু হত্যার শিকার হয়েছে। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অপহরণের পর ১১১ শিশু হত্যার শিকার হয়েছে। আর ২০১২ সালে ৬৭ শিশু অপহরণের শিকার হয়, এদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়।
এ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে একটি করে শিশু হত্যার ঘটনা ঘটেছে। ১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হত্যার শিকার হয়েছে ২৯ শিশু। এদের মধ্যে ৪ জনকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিখোঁজের পর পাওয়া গেছে ৬ জনের লাশ। স্বজনদের হাতে খুন হয়েছে ৩ জন।বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ, আইন-কানুন এবং মূল্যবোধের অবক্ষয় মহামারী আকার ধারণ করেছে। এরই ফলে প্রতিনিয়তই শিশু হত্যার মতো ঘটনা ঘটছে।
পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেন, সমাজে একে অপরের প্রতি মায়া মমতার অভাব এবং মূল্যবোধের অবক্ষয়ের কারণে নিষ্ঠুরতা বেড়েছে। আর এর বলি হচ্ছে শিশুরা। পুলিশের একার পক্ষে এটি রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।























































