শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশু হত্যাকান্ড নিয়ে কি মিডিয়া ট্রায়াল হচ্ছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৬

bbbb

বিবিসি বাংলাঃ

ঢাকার বনশ্রী এলাকায় দুটি শিশুর হত্যাকা- সারাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব যখন সংবাদ সম্মেলন করে দাবি করে যে ‘শিশু দুটির মা মাহফুজা মালেক নিজেই তাদের হত্যা করেছেন’ তখন ঘটনা এক নতুন মাত্রা পেয়ে যায়।
অভিযুক্তকে আদালতে হাজির করার আগেই আইন শৃঙ্খলা বাহিনীর এই বক্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ‘মামলা হওয়ার আগেই তার সম্পর্কে বলে দেয়া হলো যে তিনি হত্যাকারী। এটা তো কোনভাবেই আইনসঙ্গত না’ বলছিলেন সিনিয়র আইনজীবী শাহদীন মালিক।
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী যে কোন ব্যক্তিরই তার আইনজীবীর সাথে পরামর্শের অধিকার আছে। প্রথম দিন থেকেই তাকে এ সুযোগ দিতে হয় কিন্তু তা মানা হচ্ছে না। এখন এক পা আগে বাড়িয়ে মামলা হবার আগেই গণমাধ্যমে স্বীকারোক্তি দেয়া হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি’
মানবাধিকার সংগঠনগুলো বলছে, র‌্যাবের এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিচার শুরু হওয়ার আগেই তার ‘মিডিয়া ট্রায়াল’ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আদালতে আইনি প্রক্রিয়া শুরুর আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার শামিল হয়ে যাচ্ছে।
এ নিয়ে বিবিসি বাংলার সাথে কথা বলার সময় গণমাধ্যম বিশ্লেষক মুহম্মদ জাহাঙ্গীর বলেন, মিডিয়া ট্রায়াল বলা হয় যখন বিচারের আগেই আমরা একজনকে দোষী সাব্যস্ত করে ফেলি। এ ঘটনার ক্ষেত্রে মিডিয়া শুধু র‌্যাবের বক্তব্যই প্রকাশ করছে বা করতে বাধ্য হচ্ছে। অন্য পক্ষের কোন ভাষ্য প্রকাশ করার সুযোগ পাওয়া যাচ্ছে না। এটা সংবাদ মাধ্যমের জন্য এক বড় বাধা।’
তিনি বলেন, মিডিয়ার এই সৎসাহস ও দায়িত্বশীলতা থাকা উচিত যে কোন একপক্ষীয় বক্তব্য তারা প্রচার করবে না, যার সম্পর্কে বলা হচ্ছে তার বক্তব্যও থাকতে হবে।
গুরুতর অভিযোগের মামলায় কাউকে আটক করা হলে তাকে নিয়ে সংবাদ সম্মেলন করার একটা রেওয়াজ দাঁড়িয়ে গেছে বাংলাদেশে, যদিও এ নিয়ে সমালোচনাও হয়েছে। পরে এটা বন্ধ করার জন্য আদালত নির্দেশনাও দেয়।
এবার মাহফুজা মালেককে সংবাদ সম্মেলনে হাজির করা না হলেও র‌্যাব কার্যালয়ে তাকে নেবার দৃশ্য সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে।
গত সোমবার দুই শিশুর মৃত্যুর ঘটনায় মাহফুজা মালেককে আটক করে র‌্যাব। তারা দাবি করে যে মা নিজেই তার সন্তানদের হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। কি ভাবে হত্যা করা হয়েছে সেই বর্ণনাও সংবাদ সম্মেলনে দেন র‌্যাবের কর্মকর্তারা।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক সুলতানা কামাল বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য নয়। এতে বিচারব্যবস্থার ওপর কালো ছায়া পড়ছে। কারণ আদালত ছাড়া কেউই কাউকে অপরাধী বলে চিহ্নিত করতে পারে না।
আজ পুলিশ মাহফুজা মালেককে আদালতে হাজির করলে জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচদিনের রিম্যান্ড মঞ্জুর করা হয়। গতকাল র‌্যাবের পক্ষ থেকে দাবি করার পর, মাহফুজা মালেককে অভিযুক্ত করে মামলা করেন হতভাগ্য দুই শিশুর বাবা।
কিন্তু মাহফুজা মালেক কোন আইনজীবী নিয়োগ করতে পারেননি। এসব খবরের ক্ষেত্রে তার পক্ষের কোন বক্তব্যও পাওয়া যায়নি।
এ নিয়ে র‌্যাব ও পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজী হননি। বিবিসি বাংলা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি