শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সহিংসতা-আতঙ্ক, বিএনপি প্রার্থীরা কোণঠাসা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৬

Ballot_Paper_BG_672245810-400x220

ডেস্ক রিপোর্টঃ

প্রথম ধাপের ২২ মার্চের ইউপি নির্বাচনের আর বাকি মাত্র চার দিন। নাওয়া-খাওয়া ভুলে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ব্যস্ত শেষ সময়ের প্রচারণায়। আর এ প্রচারণা চালাতে গিয়ে তাদের কর্মী-সমর্থকরা জড়িয়ে পড়ছেন সহিংসতায়। হামলা ও ভাঙচুর করা হচ্ছে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের বাড়িঘরে। আর গাড়ি ভাঙচুর তো নিত্যদিনের ঘটনা। সর্বশেষ সাত জেলায় সহিংসতায় আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। ভোট-উৎসব কেন্দ্র করে সংঘটিত প্রতিদিনের সহিংসতায় আতঙ্কে আছেন ভোটাররা। বিভিন্ন জেলার ভোটাররা সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষ প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর ক্ষমতাসীন দলের হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে। অনেক ইউনিয়নে বিএনপি প্রার্থীরা নির্বাচনী ময়দানেই নামতে পারছেন না। হুমকির মুখে কার্যত তারা গৃহবন্দী হয়ে পড়েছেন। গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুর হয়। কুষ্টিয়ার মিরপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের জোটের শরিক জাসদ মুখোমুখি অবস্থান নিয়েছে। সেখানের বিভিন্ন ইউনিয়নে দল দু’টির মধ্যে প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে।

অন্যদিকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার থেকেই জেলায় জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠাবে ইসি। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ইসির উপসচিব রকিব উদ্দীন ম-ল জানান, ব্যালট পেপারও ছাপানো শেষ। শুক্রবার সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তারা পাঁচটি প্রেস থেকে ব্যালট পেপার সংগ্রহ করবেন। নির্বাচনের আগের দিন এগুলো কেন্দ্রে পৌঁছানো হবে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস ও বিএমটিএফ প্রেস থেকে ব্যালট পেপার বিতরণ করা হবে। ব্যালট পেপারের সঙ্গে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন ধরনের সিলগালা, দড়ি, ব্যাগসহ বিভিন্ন নির্বাচনী উপকরণও সংগ্রহ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে এসব নির্বাচনী উপকরণ নেবেন প্রিসাইডিং কর্মকর্তারা।

ইসি কর্মকর্তারা জানান, ২২ মার্চ প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরতি সদস্য পদে প্রায় সাড়ে ৪ কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। চেয়ারম্যান পদের জন্য থাকছে সাদা রঙের ব্যালট পেপার। ১২টি প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে সবুজ রঙের ও ১০টি প্রতীক নিয়ে সংরতি পদের জন্য গোলাপি রঙের ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি