নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদ-ের রায় পুনঃ বিবেচনা চেয়ে আজ মঙ্গলবার রিভিউ পিটিশন দাখিল করবেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ দাখিল করা হবে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন। তিনি সাংবাদিকদের বলেন, রিভিউ পিটিশন প্রস্তুত করা হয়েছে। আজ সংশ্লিষ্ট শাখায় তা দাখিল করা হবে।
বুদ্ধিজীবী নিধনসহ মানবতা-বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদ- দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। নিয়মানুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামিকে রিভিউ পিটিশন দাখিল করতে হয়। সেই মোতাবেক আজ রিভিউ পিটিশন দাখিল করা হচ্ছে।























































