শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রিজার্ভ চুরির ৩১ মিলিয়ন ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ?


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

Sinet
ডেস্ক রিপোর্ট:

ফিলিপাইনের সিনেট প্রেসিডেন্ট রাল্ফ রেক্টো জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলারের মধ্যে আনুমানিক ৩১মিলিয়ন ডলার উদ্ধার করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফেরত দেয়া যেতে পারে। – এবিএস-সিবিএন নিউজ।

বুধবার সকালে এক সাক্ষাতকারে রেক্টো জানান, ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ং এর কাছ থেকে প্রায় ১৪ মিলিয়ন ডলার ফেরত দেয়া যেতে পারে। মঙ্গলবার ওয়ং সিনেট ব্লু রিবন কমিটিতে এ টাকা থাকার কথা স্বীকার করেছেন।

ওয়ং সিনেটরদের বলেন, সোলায়ার ক্যাসিনোতে প্রায় ৪.৬৩ মিলিয়ন ডলার সুরক্ষিত রয়েছে। অন্যদিকে তার কোম্পানি ইস্টার্ন হাওয়ায় লেজার কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্টে রয়েছে আরও ৪৫০ মিলিয়ন পেসো (প্রায় ১০ মিলিয়ন ডলার)।

তিনি বলেন, যদি কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেয় তাহলে তিনি এ টাকা ফেরত দিতে ইচ্ছুক। এছাড়াও তিনি দাবি করেন, প্রায় ১৭ মিলিয়ন ডলার রেমিটেন্স কোম্পানি ফিলরেম সার্ভিস করপোরেশনে এখনও গচ্ছিত রয়েছে।

রেক্টো জানান, এসব অর্থ উদ্ধার করা গেলে সর্বমোট ৩১ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে ফেরত দেয়া যাবে।

তবে ফিলরেম প্রেসিডেন্ট সালুদ বাউতিস্তা তার মালিকানায় এখনও এ ১৭মিলিয়ন ডলার থাকার দাবি অস্বীকার করেন। বলেন, পুরো টাকা বণ্টন হয়ে গেছে। অর্থপাচারের ঘটনায় ফিলরেমের মূল ভুমিকা ছিল এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। কোম্পানিটি বলছে, তারা কেবল আরসিবিসির জুপিটার স্ট্রিটের বহিস্কৃত শাখা ব্যবস্থাপকের নির্দেশে এ ডলার পোসোতে রূপান্তর করেছেন।

সিনেট প্রেসিডেন্ট আরও জানান, তিনি নিশ্চিত নন যে, ফিলরেম পাচারের টাকা থেকে উপকৃত হয়নি। বাউতিস্তা আগের শুনানিতে ওয়ংকে নগদ দেয়ার কথা উল্লেখ করেননি বলে জানান তিনি।

মঙ্গলবারের শুনানিতে ওয়ং আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে ফেব্রুয়ারি ৯, ১০ ও ১৪ তারিখে বাউতিস্তার কাছ থেকে সর্বমোট ৩০০ মিলিয়ন পেসো ও ৫ মিলিয়ন ডলার নগদ নিয়েছেন। বাউতিস্তা নিশ্চিত করেছেন, ওয়ং তাদের বাসায় নগদ আনার জন্য গিয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি