ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার র্মুরাদনগর উপজেলার মির্জাপুর কবরস্থান থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উত্তোলন করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় লাশ উত্তোলনের কাজ শুরু হয়। বেলা পৌণে ১২ টায় লাশ উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। সকাল সোয়া ১০ টায় কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা কবরস্থানে এসে পৌছেন।
লাশ উত্তোলনের সময় তনুর বাবা ইয়ার হোসেন ও ভাই নাজমুল হাসান উপস্থিত ছিলেন ।
লাশ উত্তোলনের পর পুনঃ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিএনএ এবং অধিকতর আলামত সংগ্রহ শেষে আজই পুনরায় একই কবরস্থানে দাফন করা হবে।
তনু হত্যাকান্ডের মামলাটি কুমিল্লা ডিবি পুলিশের কাছে হস্তান্তর হলে সোমবার লাশের পুনঃময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম লাশ উত্তোলনের আদেশ দেন। তবে গতকাল ২৯ মার্চ রাতে মামলাটি সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে।





















































