স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারাপাড়া ইউনিয়নে আতংকে রয়েছে সাধারণ ভোটাররা । এরই মধ্যে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশনা আসছে বিভিন্ন জায়গা থেকে। এদিকে পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে অস্ত্রধারিরা এই ইউনিয়নে সমবেত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এই ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্র। এরই মধ্যে ৫টি ভোট কেন্দ্র দখল করে ব্যাপক ভোট কারচুপির প্রস্তুতি নিয়েছে অপরপক্ষ । এমন অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা জানান, এই ইউনিয়নের ছনগাও, লালমাই, লোলবাড়িয়া, রতনপুর ও হাজী আমেনাবাড়ি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো সকাল থেকে বিএনপির প্রার্থীর এজেন্টগুলোকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোট কারচুপির ব্যাপক প্রস্তুতি নিয়েছে অপর প্রার্থীর লোকজন। আমরা সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে শংকায় রয়েছি।
সাধারণ ভোটাররা জানান, আমরা ভোট দিতে চাই। কিন্তু যা অবস্থা দেখা যাচ্ছে ভোট দেওয়া সম্ভব নয়। আমাদের কাছে নানা জায়গা থেকে হুমকি-ধমকি আসছে। ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এমন নির্দেশনা আসছে।
সূত্র জানায়, বিভিন্ন সন্ত্রাসীরা এ ইউনিয়নে এসে জমায়েত হয়েছে। ভোটকেন্দ্রগুলো বেশ ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সূত্র ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষের আশংকা করছেন।

















































