শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

teacher_17614
ডেস্ক রিপোর্টঃ

মর্যাদা আদায়ের ১০ মাস আন্দোলনের পর অবশেষে তা প্রত্যাহার করলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাকসুদ কামাল বলেন. শিক্ষকদের প্রধান দাবি গ্রেড ৩ থেকে গ্রেড ১ এ উঠার দাবি পূরণ হয়েছে। এ লক্ষ্যে একটি পদ সোপান তৈরি করা হয়েছে। তাতে ২৫ শতাংশ শিক্ষককে গ্রেড-১ এ পদন্নোতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট হয়ে শিক্ষক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলন থেকে সরে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে। জ্যেষ্ঠ শিক্ষকের মর্যাদা ( সিনিয়র সচিব ) দেয়ার বিষয়টি এখনো সুরাহা হয়নি। তিনি বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তাই অতিসত্বর এ বিষয়ে একটি সম্মানজনক সিদ্ধান্ত দেয়া হবে বলে তারা আশাবাদী বলে জানান।

শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন বলেন, আমরা বেতনÑভাতা বৃদ্ধিতে আন্দোলন করিনি। বরং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা ফিরে পেতে আন্দোলন করেছি। অহিংস আন্দোলন করে সফল হয়েছি। নতুন পদোন্নতি প্রসঙ্গে ফরিদ উদ্দিন বলেন, বর্তমানে সহযোগী অধ্যাপক পদে গ্রেড-৩ অধ্যাপক পদ আগের নিয়মে পদায়িত হবে। গ্রেড-৩ থেকে গ্রেড-২ য়ে যেতে চার বছর চাকরিকাল এবং স্বীকৃত র্জানালে ২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে, গ্রেড-২ থেকে অধ্যাপক হিসেবে ২ বছর চাকরিকাল, অধ্যাপক হিসেবে ন্যূনতম ৫ বছর চাকরিকাল এবং শিক্ষক হিসেবে ২০ বছর চাকরির বয়স হতে হবে। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে একটি নীতিমালা তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ শতাংশ শিক্ষক গ্রেড-১ য়ে পদোন্নতি দেয়া হবে।

সংবাদ সম্মেলনের আগে সারাদেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি