সুশাসনের জন্যে নাগরিক অধিকার সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন, প্রথম ধাপে যে ধরনের নির্বাচন হয়েছে পরবর্তী ধাপে সেই ধরনেরই নির্বাচন হয়েছে। আমরা প্রথম ধাপে দেখছি, নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা, অনিয়ম ও জাল ভোট হয়েছে। এক কথায় যত খারাপ কিছু আছে সব হয়েছে। এই অবস্থায় আমি প্রধান নির্বাচন কমিশনারকে সরে আসার আহবার ছাড়া আর কি করতে পারি। তাই আমি প্রধান নির্বাচন কমিশনারকে আগেও বলেছি এখন বলছি এই অনাস্থা থেকে সরে আসার জন্য।
শুক্রবারে ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশনে তিনি এসব কথা বলেন। দলীয় প্রতীক থাকায় কোনো গুণগত পরিবর্তন এসেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় প্রতীকের জন্যেই এমনটা হয়েছে, এই দলীয় প্রতীকের কারণে মনোনয়ন বাণিজ্যটা তৃণমূল পর্যায় গেছে। তিনি বলেন, আগে মনোনয়ন বাণিজ্যটা ছিল সংসদ নির্বাচনের সময়, যার কারণে সংসদ এখন ব্যবসায়ীদের হাতে চলে গেছে। এমনকি এই মনোনয়ন বাণিজ্যের কারণে আমাদের রাজনীতির বিরাজনীতিকরণ হয়ে গেছে। এখন রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে এবং সহিংসতায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, এই মনোনয়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একদল ব্যবসায়ী তৈরি করা হচ্ছে, যার ফলে সহিংসতা বেড়ে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার শুরু থেকেই যদিও সহিংসতাটা মূলত হচ্ছে ক্ষমতাসীন দলের মধ্যেই।
ড.বদিউল আলম মজুমদার বলেন, জানিনা বিএনপি যদি শক্তিশালী হতো তা হলে কি হতো? হয়তো বেসামাল পর্যায় যেত আর নয়তো কমও হতে পারতা জানি না। তবে এটা একটু ব্যতিক্রমী।
তিনি বলেন, আরও একটা কারণে আমি এই নির্বাচনকে বিকৃত নির্বাচন বলেছি, সেটা হল অনেক জায়গায় নির্বাচনী মাঠে তেমন কেউ ছিল না। এমন কি জোট সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে তারাও নাকি মাঠে থাকতে পারে নাই। মাঠে শুধু ক্ষমতাসীন দল আর বিদ্রোহী প্রার্থীরা ছিল। তার মানে বোঝাই যাচ্ছে নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি। এই কারণেই আমি বিকৃত নির্বাচন বলছি।
তার মানে মার্কাটাই কি আসল বিষয়? এধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যা এখানে মার্কাটাই বিষয়, এখানে মার্কা মানেই জেতা। বিশেষ করে সরকারি দলের মার্কা। কারণ এখানে প্রশাসন, নির্বাচন কমিশন, এলাকার নেতা কর্মী সহ সকলেই পক্ষপাতদুষ্টতায় লিপ্ত। যার কারণে সরকারি দলের মার্কা পাওয়াই মানে জেতা। যেটা আমরা পৌরসভা নির্বাচনের প্রথম ধাপেও দেখেছি দ্বিতীয় ধাপেও দেখেছি। যার কারণে এই দ্বন্দ্ব হানাহানি, মনোনয়ন বাণিজ্য।
তিনি বলেন, প্রার্থীদের লক্ষ্য হল মনোনয়ন পেতে হবে, দলীয় মার্কাটা পেতে হবে। কারণ মার্কা পাওয়া মানে জেতা। আরও একটা কারণে এই দ্বন্দ্ব হানাহানি হয়েছে বলে আমি মনে করি তাহল, আমাদের রাজনীতিটা যেভাবে কলুষিত হয়েছে, তাতে রাজনীতি আর নীতি আদর্শ দ্বারা পরিচালিত হয়না, কর্মসূচি দ্বারা পরিচালিত না হয়ে একটা ফায়দার চেইনে আটকে গেছে। তাই এই সরকারের কাছে যাওয়া মানেই ঐ চেইনে অংশ হওয়া।























































