শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ কর্মকর্তার ফোন নম্বর ক্লোন করে মিথ্যা তথ্য দেয়ার চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৬

19236-400x240
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত সোহাগী জাহান তনু হত্যা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। এই চক্রটি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে। ভিসেরা রিপোর্টের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অপরদিকে, ছাত্রইউনিয়নের ডাকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চলছে ছাত্র ধর্মঘট।

এদিকে, তনুর বাবা ইয়ার হোসেন মেয়ের লাশ উদ্ধারকালের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তার মেয়ে (তনুর) দুই কানে ও নাকে ছিল জমাট রক্ত। মাথার পেছনের দিক ফোলা-ফোলা। লজ্জায়-ঘৃণায় মাথা তার নুয়ে পড়ে। বলেন, তনুর কোমরের দুপাশে এবং বুকের ওপরের অংশে জামা ছিল ছেঁড়া। ধস্তাধস্তির কারণে ছিঁড়ে গেছে বোঝা যাচ্ছিল।

ইয়ার হোসেন বলেন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলে গাড়ি পাঠিয়ে তনুকে নিয়ে যাওয়া হতো। কারা তনুকে ডেকে নিত, সেসব ছবি ডিবি অফিসে আছে। ছবিতে থাকা ব্যানারে নাম আছে। সেনা কল্যাণ সংস্থা থেকে তাকে বেশি দাওয়াত দেওয়া হতো। গাড়ি পাঠাতেন তারা। তিনি বলেন, পাশাপাশি দুটি বাসাতে তনু পড়াত। ওইদিন সর্বশেষ জানা যায়, সেনাসদস্য জাহিদের বাসা থেকে ৭টার দিকে সে বেরিয়ে গিয়েছিল টিউশনি শেষে।

ইয়ার হোসেন জানান, সেনা কল্যাণ সংস্থা আর জাহিদের বাসা কাছাকাছি। তার পাশেই আবার সৈনিক ক্লাব। তারপর রাস্তা। ওই রাস্তার দুপাশে দুটি সিসি ক্যামেরা আছে। ওই রাস্তা ছাড়া ঘটনাস্থলে যাওয়া সম্ভব নয়।

তনু হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাড়িতে করে তনুকে নিয়ে যাওয়ার বিষয়টি তনুর পরিবার সিআইডিকে জানিয়েছে। কে বা কারা তনুকে নিয়ে যেত, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। গাড়ির বিষয়ে খোঁজখবর হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এদিকে, রোববার এক সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তার নাম পিয়ার। গতকাল বিকালে পিয়ারকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে তাকে নিয়ে স্পটে যান সিআইডি কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়–য়া পিয়ারকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগেও তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

তনুর বাবা ইয়ার হোসেন আরও বলেন, সিআইডি কর্মকর্তারা বলেছেন, আমরা এসেছি ভালো করে তদন্ত করতে। আমরা চেষ্টা করছি দুর্বৃত্তদের শনাক্ত করতে। তাদের করা জিজ্ঞাসাবাদে বলেছি, কখনো তনু বলেনি, বাবা অমুক বা তমুক ছেলেটি আমাকে ডিস্টার্ব করে। আন্দাজে কাকে ধরিয়ে দেব? এটা কি হয়? পঞ্চম শ্রেণি থেকে তনু সেনানিবাসের এই বাসায় থাকতেন। ইয়ার হোসেন ৩১ বছর ধরে এই চাকরি করছেন বলে জানান।

তিনি বলেন, ক্যান্টনমেন্টের রাস্তায় বাইরের মানুষকে কেন ঢুকতে দেবে? পরিচয় নেবে, কার্ড আছে কিনা দেখবে। সে সব তথ্য টুকে রাখার পর আপনি ঢুকতে পারবেন। তনুর বাবা বলেন, আমি স্যারদের বলব, গ্রামের বাড়িতে যেতে চাই। এখানে থাকব না। কারণ বিভিন্ন ধরনের লোক আসছে এখানে। স্যাররা কিছু দিন এখানে থাকতে বলেছেন। সে কারণে থাকছি। তিনি বলেন, তনু চাইত বড় কিছু করতে। মানুষের সেবা করতে পারে এমন কিছু। স্কুলপড়–য়া ছোট ছোট বাচ্চা এসে তাকে জড়িয়ে ধরত।

অন্যদিকে, তনু হত্যাকা- নিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেওয়া হয়েছে চট্টগ্রামে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে। ভিসেরা রিপোর্টের বিভ্রান্তিকর তথ্য দিতেই ফোন নম্বর ক্লোন করে কথা বলা হয়েছে গণমাধ্যমের সঙ্গে। সিম নম্বর ক্লোন করা ব্যক্তি তনু হত্যাকা-ের ভিসেরা রিপোর্টে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান।

এ বিষয়ে দ্রুত অনলাইনে রিপোর্ট করে দিতেও প্রতিবেদককে অনুরোধ করেন তিনি। সিআইডি চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ব্যারিস্টার মোশাররফ হোসাইনের সরকারি মোবাইল নম্বরে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফোন করা হলে অন্য প্রান্ত থেকে এমন তথ্য জানানো হয় একই সময় অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করা হলেও প্রায় অভিন্ন তথ্য দেওয়া হয় চ্যানেল টোয়েন্টিফোর চট্টগ্রাম কেন্দ্রকে। কিছুক্ষণ পর কুতুব উদ্দিনের সঙ্গে ফের কথা বলে ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত হয় । সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোশাররফ হোসাইনের মোবাইল ফোনে তনু হত্যাকা-ের ভিসেরা রিপোর্ট প্রসঙ্গে জানতে চায় একজন প্রতিবেদক। এ সময় অন্য প্রান্ত থেকে বলা হয়, তনুর ব্যবহƒত চশমায় থাকা ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।

ভিসেরা রিপোর্ট এরই মধ্যে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ক্লোন করা ব্যক্তি। দ্রুত এ ব্যাপারে অনলাইনে রিপোর্ট করে দিতে অনুরোধ জানান তিনি। ৩ মিনিট ৯ সেকেন্ড স্থায়ী এ কথোপকথনে ভিসেরা রিপোর্ট নিয়ে আরও নানা কথা বলেন ওই ব্যক্তি। তিনি নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন বলে পরিচয় দেন। তার কথা সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট রিপোর্টারকে তাৎক্ষণিক পাঠানো হয় সিআইডি কার্যালয়ে। সেখানে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন পরিচয়ে ফোনে কথা বলা ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কুতুব উদ্দিন নামে অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রামে কমর্রত আছেন।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার ব্যারিস্টার মোশাররফ হোসাইন ছুটিতে আছেন বলেও জানা যায়। বিশেষ পুলিশ সুপারের মোবাইল ফোন তাহলে কীভাবে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গেল- এ প্রশ্নের উত্তর খুঁজতে ৭টা ২৭ মিনিটে আবার ফোন করা হয় ব্যারিস্টার মোশাররফ হোসাইনের সেই নম্বরে। এবার এক মিনিট ২৭ সেকেন্ড কথা বলেন তিনি। জরুরি কাজে অফিসের বাইরে আছেন জানিয়ে আগামীকাল ভিসেরা রিপোর্ট নিয়ে যেতে বলেন প্রতিবেদককে। দ্রুত রিপোর্ট করতে আবারও তাগাদা দেন বিশেষ পুলিশ সুপারের ফোন নম্বর ব্যবহার করা সেই কুতুব উদ্দিন। বিশেষ পুলিশ সুপারের এ নম্বর থেকে কথা বলার কিছুক্ষণ পর ফোনটি বন্ধ করে দেওয়া হয়। পুরো বিষয়টি ঘিরে সন্দেহ বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে রাত ৮টা ৩১ মিনিটে ফের ভিসেরা রিপোর্ট নিয়ে কথা বলতে চায় প্রতিবেদক। এ সময় মো. কুতুব উদ্দিন আগে এ ব্যাপারে কারও সঙ্গে কথা হওয়ার বিষয়টি শুনে বিস্মিত হন।

তাৎক্ষণিকভাবে তিনি বলেন, সম্ভবত আমাদের নম্বর ক্লোন করে কোনো একজন আপনাদের সঙ্গে কথা বলেছে। ভিসেরা রিপোর্ট নিয়ে আমি কারও সঙ্গে কোনো কথা বলিনি। তিনি বলেন, আরও দু-এক ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পেয়েছি। আমাদের ব্যবহƒত নম্বর ক্লোন করে অন্য কেউ আমাদের পরিচয় দিয়ে কথা বলেছেন। এ ব্যাপারে শিগগির আইনগত পদক্ষেপ নেব। স্পর্শকাতর এ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এমনটি করা হয়েছে। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, দু’জনের ফোন নম্বর ক্লোন করে একই ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে একটি কালভার্টের নিচের ঝোপ থেকে ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। তনু থিয়েটার কর্মী ছিলেন। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি