ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) এর জরিপে মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশি নারীরা। সমান সময় বা কোন কোন ক্ষেত্রে সমান কাজ করেও কেবল নারী হওয়া সত্ত্বেই পুরুষের তুলনায় কম মুজুরি পান। নারী শ্রমিকদের অভিমত, একজন নারী শারীরিক শক্তি বিবেচনায় পুরুষের চেয়ে কম মজুরি পান। কখনও আবার নারী শ্রমিককে পুরুষের সহযোগী হিসেবে বিবেচনায় নেয়া হয়।
নারী অধিকার আন্দোলনের কর্মীরা বলছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর করতে হবে নারীর প্রতি সবধরণের বৈষম্য।
পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন নারীরা। সমান সময়ে সমান খাটুনি হলেও কেবল সমান নয় মজুরি। কোন কোন ক্ষেত্রে মজুরির ব্যাপারে তারা কিছুই জানেন না। দেশের অপ্রতিষ্ঠানিক খাতের প্রায় সবখানেই পুরুষের সঙ্গে বাড়ছে নারীর অংশগ্রহণ। তবে কম পয়সায় বেশি শ্রম পাওয়ায় মালিকরা নারী শ্রমিকদের নিয়োগ দেয়ায় বেশি আগ্রহ।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী বছরে পুরুষদের গড় আয় ৩ লাখ ১৮ হাজার টাকা আর নারীদের গড় আয় ১ লাখ ৬৬ হাজার টাকা। বিশ্লেষকদের পরামর্শ, বৈষম্য দূর করতে হলে সরকার ও স্থানীয় প্রশাসনকে সঠিক ভূমিকা পালন করতে হবে।
এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘নারীর প্রতি বর্তমান সরকারের যে অঙ্গীকারগুলি রয়েছে, তারমধ্যে একটি হলো- নারী বলে তাকে কোথাও বৈষম্যের শিকার হতে হবে না। এই অঙ্গীকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সমান কাজের জন্য অবশ্যই সমান মজুরির বিধান নিশ্চিত করতে হবে।’
বিআইডিএস এর গবেষক ড. নাজনীন আহমেদ বলেন, ‘নারীর বঞ্চনা বা বৈষম্য যেন স্থানীয় পর্যায়ে বলতে পারেন, সেই সুযোগ তৈরি হওয়া উচিৎ। আমি মনে করি এ বিষয়ে সবচেয়ে বেশি দায়িত্ব থাকা দরকার স্থানীয় প্রশাসনের। আমার মনে হয়, নারীকে মজুরি কম দেয়া হয় এই বিবেচনায় যে, তাদের বিকল্প কাজের সুযোগ নেই। বিভিন্ন ধরণের দক্ষতার জন্য প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তুলতে হবে, যেগুলো তারা সহজেই শিখতে পারে- সেটি হতে পারে কোন হাতের কাজ বা অন্য বিষয়। তাহলে নারীদের যেমন কাজের সুযোগ অনেকটা বাড়বে তেমনি তাদেরকে কম মজুরি দেয়ার সুযোগ থাকবে না।’
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপ বলছে ২১৩৩ সালের আগে মজুরীতে নারী পুরুষের ব্যবধান ঘুঁচবেনা। অর্থাৎ মজুরীতে লিঙ্গ বৈষম্য দূর হতে সময় লাগবে আরও ১১৮ বছর। তাহলে বাংলাদেশের মজুরী ব্যবধান দূর হবে কবে? বিশ্লেষকরা বলছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং মধ্যমা আয়ের দেশে পরিণত হতে হলে সরকারকে নিতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, দূর করতে হবে সব ধরণের ব্যবধান।

























































