বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এই প্রথম জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

GDP-400x239
ডেস্ক রিপোর্টঃ

জিডিপি প্রবৃদ্ধি পৌঁছালো সাতের ঘরে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ। মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১৪শ ৬৬ ডলার।

জাতীয় অর্থনীতি পরিষদের বৈঠকে এমন তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। কৃষি ও রপ্তানির ওপর ভর করেই প্রবৃদ্ধি সাতের ঘরে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনে প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার। অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়নেও নেয়া হয় বড় আকারের এডিপি। তবে বাস্তবায়নের হার সন্তোষজনক না হওয়ায় অর্থবছরের মাঝামাঝিতেই প্রবৃদ্ধি সাত শতাংশ হবে না বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ।

ঢাকা অফিসের বিশ্বব্যাংকের মূখ্য অর্থনীতিবিদ জাহিদ হাসান বলেন, প্রবৃদ্ধি ৬ না ৭ তাতে কিছু আসে যায় না। বর্তমানে বিশ্বের যে অবস্থা তাতে ৬% যদি আপনি অর্জন করতে পারেন তাহলে হয়তো পৃথিবীর ১০টির মধ্যে আপনারা থাকতে পারবেন।

কিন্তু পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে প্রবৃদ্ধি পৌছেছে সাতের ঘরে। কৃষি, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধির কারণেই সার্বিক জিডিপি বেড়েছে বলছে সংস্থাটি।

জিডিপি পরিমাপের নতুন ভিত্তিবছর বিবেচনায় নিলে এর আগে শুধু একবার প্রবৃদ্ধি পৌছেছিলো সাতে। সেটি ২০০৬-০৭ অর্থবছরে। টানা পাঁচ বছর জিডিপি ছয়ের ঘরে আটকে থাকার পর এবারই প্রথম সাত শতাংশ হলো।

আগামী বছরগুলোতে অধিক কর্মসংস্থান তৈরিতে একে টেকসই করা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদেরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি