কোটার অতিরিক্ত হিসেবে পাঠানো ৫ হাজার হাজীর কাগজপত্রসহ হারানো নথি উদ্ধার হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেই সম্প্রতি এ নথি উদ্ধার করা হয়।
এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এক সপ্তাহের মধ্যে।
ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল জলিল বাংলানিউজকে বলেন, নথি পাওয়া গেছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আপনারা পরবর্তী পদক্ষেপের তথ্য জানতে পারবেন। চলতি মৌসুমের হাজীদের প্রাক নিবন্ধন কার্যক্রম নিয়ে ব্যস্ততার কারণে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত হজ মৌসুমে অতিরিক্ত ৫ হাজার হাজী পাঠানোর জন্য সরকার থেকে নেওয়া টাকার অর্ধেকটাই হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (হাব) কাছ থেকে ফেরত পায়নি মন্ত্রণালয়। আর নথি হারানোর কারণে এ বিষয়ে কোনো পদক্ষেপও নেওয়া সম্ভব হয়নি।
সে কারণে হাবের কাছে জমা থাকা হাজীদের ব্যয় না হওয়া অতিরিক্ত টাকা ফেরত পেতে মন্ত্রণালয়ে আবেদনকারী হজ এজেন্সিগুলোর আবেদনও নিস্পত্তির অপেক্ষায় ঝুলে আছে।
গত হজ মৌসুমের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রচেষ্টায় সৌদি সরকার অতিরিক্ত ৫ হাজার হাজী পাঠানোর অনুমোদন দেয়। সরকারিভাবে এসব হাজী পাঠানোর অনুমোদন দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে এতো হজযাত্রী যোগাড় করা সরকারের জন্য কঠিন ছিল। তাই সরকার বেসরকারি হজ্ব এজেন্সিগুলোর মধ্যে কোটা ভাগ করে দেওয়া হয়।
একইসঙ্গে হাজীদের মোয়াল্লেম ফি এবং বাসা ভাড়ার টাকা জমা দিতে সৌদি আরবে বাংলাদেশ মিশনের মাধ্যমে হাবকে ৩৩ কোটি ৩৮ কোটি টাকা ধার দেয় সরকার। যা হাজীদের কাছ থেকে আদায় করে সরকারের কাছে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসে হজ শেষ হওয়ার ৫ মাস পরেও হাব সরকারকে ধারের টাকা পুরোপুরি পরিশোধ করেনি। এ পর্যন্ত মাত্র ১৬ কোটি টাকা দিয়ে বিভিন্ন হিসাব দেখিয়ে সমন্বয় করার চেষ্টা চালানো হচ্ছে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল বলেন, এক সপ্তাহের মধ্যেই ওই বিষয়গুলো সম্পর্কেও খবর দেওয়া সম্ভব হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বকেয়া পাওনা আদায়ের হিসাবের প্রতিবেদন চেয়ে হাবকে চিঠি দেওয়া হয়েছে। হাবের দেওয়া হিসাবের প্রতিবেদন পরীক্ষা করে দেখে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
হাবের মহাসচিব শেখ মো. আবদুল্লাহ অবশ্য বাংলানিউজকে বলেন, মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অতিরিক্ত টাকাও ফেরত দেওয়া হয়েছে সরকারকে। আর কারোর কোনো দাবি নেই আমাদের কাছে।
মন্ত্রণালয়ে জমা হওয়া অতিরিক্ত ৫ হাজার হাজী বাছাই কমিটির সদস্য জামাল উদ্দিন আহমেদ এবং প্রায় ৫০ জন হজ এজেন্সি মালিকের অভিযোগ অনুযায়ী, এসব হাজীর কাছে ২ লাখ ৫০ হাজার টাকা করে হজ ফি আদায় করা হয়েছে। অথচ বিমান ভাড়া, থাকা, খাওয়া ও অন্যান্য খাতে জনপ্রতি মোট ব্যয় হয়েছে ১ লাখ ৮৯ হাজার টাকা।
অন্যদিকে হাজীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকাও ফেরত দেওয়া হয়নি কাউকে। সৌদি আরবে যাওয়া ৫ হাজার হাজীর কেউই এ টাকা ফেরত পাননি বলেও তাদের দাবি।
তারা জানান, হিসাব অনুযায়ী হাবের কাছে এজেন্সিগুলোর প্রায় ২৯ কোটি ২৮ লাখ টাকা জমা রয়েছে। আর সরকারেরও পাওনা প্রায় ১৭ কোটি ৩৮ লাখ টাকা।

























































