যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবি আইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একমাত্র নারীকে মেক্সিকোয় গ্রেফতার করা হয়েছে। ব্রেন্ডা ডেলগাডো নামের এই নারীর টেক্সাসে এক হত্যা পরিকল্পনার অভিযোগে এফবি আইয়ের শীর্ষ দশ ওয়ান্টেড তালিকায় নাম ওঠার দুদিন পরই মেক্সিকো থেকে তাকে গ্রেফতার করা হয়।
৩৩ বছর বয়সি নারী ব্রেন্ডা ডেলগাডো আরেক নারী দন্তচিকিৎসকে খুন করেন। এই দন্তচিকিৎসকের সঙ্গে ডেলগাডোর প্রাক্তন প্রেমিকের সম্পর্ক ছিল।
ডেলগাডোর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পর সাত মাস তিনি পালিয়ে ছিলেন। মেক্সিকোর অপরাধ তদন্ত সংস্থার প্রতিনিধিরা শুক্রবার তাকে গ্রেফতার করে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে একটি পার্কিং গ্যারেজে ডেলগাডোর সহযোগীরা দন্তচিকিৎসক কেন্ড্রা হ্যাচারকে গুলি করে। এতে তার মৃত্যু হয়। এফবি আইয়ের ডালাস বিভাগের কর্মকর্তা থমাস ক্লাস সিনিয়ার এ বিষয়ে বলেন, যদিও ডেলগাডো গুলি চালাননি, তবু এখনো পর্যন্ত তিনিই খুনি হিসেবে অভিযুক্ত। ডেলগাডোকে ধরতে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
তদন্তকারীরা মনে করেন, ডেলগাডো জানতে পারেন তার প্রাক্তন প্রেমিক ও দন্তচিকিৎসক কেন্ড্রা হ্যাচার মেক্সিকোতে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন। হ্যাচার তার প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে দেখা করার পর থেকে তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন ডেলগাডো।
ডেলগাডোর দুই সহযোগী ক্রিস্টাল কোর্টেস ও ক্রিস্টোফার লাভ হ্যাচারকে হত্যার পর গ্রেফতার হন। তারা পুলিশের হেফাজতে আছেন। কোর্টেস ও লাভকে বিপুল অর্থ ও মাদক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডেলগাডো।
টেক্সাসের ডালাসে প্রত্যর্পণের আগ পর্যন্ত মেক্সিকো সিটিতে আটক থাকবেন ডেলগাডো। ১৯৫০ সালে এফবি আই প্রতিষ্ঠিত হওয়ার পর সংস্থাটির ঘোষিত এ পর্যন্ত নয়জন মোস্ট ওয়ান্টেড নারীর মধ্যে ডেলগাডো একজন।

























































