নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধিদল এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
তাদের কাছ থেকে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বিএনপির প্রতিনিধি দলের অন্যরা হলেন দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।
পরে আসাদুল করিম শাহীন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রতি বছর ঈদ কিংবা নববর্ষে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে আসছেন দেশের শীর্ষস্থানীয় দুটি রাজনৈতিক দলের প্রধান দুই নেত্রী।























































