শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটি টাকায় প্রতিমন্ত্রীসহ ৬ জনের ‘আনন্দ ভ্রমণ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৬

untitled-1_206314-500x333

ডেস্ক রিপোর্ট :

অতিদরিদ্রদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নেওয়া সরকারি প্রকল্পের অর্থে যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছেন এক প্রতিমন্ত্রীসহ পাঁচ সরকারি কর্মকর্তা। এর মধ্যে চারজন তাদের স্ত্রীকেও সঙ্গে নিয়েছেন। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়ার বিধান থাকলেও, তা অনুসরণ করা হয়নি। একমাত্র প্রতিমন্ত্রী সব ধরনের নিয়ম অনুসরণ করেই স্ত্রীকে সঙ্গে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ১৫ দিনের এই সফরে তারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, বাণিজ্যিক শহর নিউইয়র্ক, বিনোদনের রাজ্য ফ্লোরিডা ও মিয়ামি সৈকত ভ্রমণ করবেন। এতে খরচ হবে প্রায় ১ কোটি টাকা।

জানা গেছে, ‘ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব দ্য পুওরেস্ট ইন বাংলাদেশ (ইইপি) প্রজেক্টে’র আওতায় তাদের এই ভ্রমণ। এ প্রকল্পের উদ্দেশ্য বাংলাদেশের অতিদরিদ্র মানুষের দারিদ্র্য বিমোচনে কিছু ‘জ্ঞান’ অর্জন। প্রকল্পের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন ডিএফআইডি।

যুক্তরাষ্ট্রের দরিদ্র মানুষ কীভাবে উন্নয়নের শিখরে পৌঁছেছেন, কীভাবে স্বাবলম্বী হয়েছেন, বাংলাদেশের দরিদ্র মানুষকেও একইভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় কি-না, এসব বিষয় খতিয়ে দেখার কথা। তবে তাদের ভ্রমণসূচিতে দারিদ্র্য বিমোচন-সংক্রান্ত তেমন কোনো কর্মসূচিতে যোগদানের বিষয় উল্লেখ নেই। গত ২ এপ্রিল তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ দলে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সচিব ভবেশ চন্দ্র পোদ্দার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপপ্রধান এস এম শাকিল আক্তার, সহকারী প্রধান মাসুদুর রহমান বিশ্বাস ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ ওয়াহিদুর রহমান।

তাদের ভ্রমণসূচিতে ছিল নিউইয়র্ক শহর ভ্রমণ, স্ট্যাচু অব লিবার্টি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও সাবওয়ে পরিদর্শন, কানাডা সীমান্তে বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন। সেখান থেকে নিউইয়র্ক প্রত্যাবর্তন। সেখানে ডাউনটাউন পরিদর্শন। অতঃপর গ্রে হাউন্ড বাসে করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে গমন। ওই দিনই তাদের হোয়াইট হাউস ও বাংলাদেশ দূতাবাস পরিদর্শনের কথা। ৯ এপ্রিল তাদের ওয়াশিংটন থেকে বিমানযোগে ফ্লোরিডা যাওয়ার কথা। তাদের সফরসূচিতে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পরিদর্শনেরও কথা রয়েছে। ফ্লোরিডা থেকে মিয়ামি। ১৩ এপ্রিল পরিদর্শন করার কথা মিয়ামি সমুদ্রসৈকত। আজ শনিবার ভোরে তাদের ঢাকায় ফেরার কথা।

সমবায় বিভাগের এক কর্মকর্তা জানান, এই ভ্রমণে সমবায় বিভাগের সাবেক সচিব এম এ কাদের সরকারেরও যাওয়ার কথা ছিল। তিনি বদলি হয়ে যাওয়ায় তার ভ্রমণ বাতিল হয়। এ ছাড়া মাসুদুর রহমান ছাড়া সবাই স্ত্রীকে নিয়ে গেছেন। স্ত্রীর যাতায়াত ব্যয় নিজেরা বহন করলেও স্ত্রীদের সঙ্গে নেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি।

ভ্রমণকারী কর্মকর্তারা বিদেশে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, কেউ গেছে বলে তার জানা নেই। কেউ বিধিবহির্ভূতভাবে স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী কাজে গেল ফিরে এলে দেখব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি