শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরো নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

images-12-1-400x208
ডেস্ক রিপোর্টঃ

পুরো নির্বাচনি ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, নির্বাচন কমিশনের সমস্যা থাকলে তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি, পাঁচ বাম দল, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিটিএফ’র  শীর্ষ নেতারা। গতকাল মঙ্গলবার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এস এম ফয়সাল চিশতীকে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনের মতো তৃতীয় ধাপের নির্বাচনেও সহিংস ঘটনা ঘটতে পারে। গত দুই ধাপের নির্বাচনে সহিংসতার কারণে আমরা তৃতীয় ধাপের নির্বাচনে ৩৭৪টি আসনে চেয়ারম্যান প্রার্থী দিতে পারলেও চতুর্থ ধাপের কোনো প্রার্থী দিতে পারছি না। যার ফলে জাতীয় পার্টির চতুর্থ ধাপের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হওয়ার  সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনের পুনরাবৃত্তি ও ব্যতিক্রম ঘটবে না আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনেও। কিন্তু তা জেনেও আমরা আবারও নির্বাচনে অংশ নিচ্ছি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে মানুষের আস্থা নিুগামী। ফলে তৃতীয় ধাপের নির্বাচনে আস্থাপুনরুদ্ধার করাই হলো সরকারের এক মাত্র পথ।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ইউপি নির্বাচনের নামে চলছে তামাশার নির্বাচন। এধরণের নির্বাচন ইসি না করলেও পারতো। তিনি বলেন, আমরা তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী দিয়েছি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে আমাদের প্রার্থীরা অংশগ্রহণ করছে। তবে নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠি না পাওয়া পর্যন্ত আমাদের দলের প্রার্থীরা মশাল প্রতীক নিয়ে নির্বাচন করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব মাওলানা ইউনূস আহমদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো কোনো আলামত দেখি না। শাসক দলের সন্ত্রাসীদের  হুমকি ও ভয়ভীতি অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রার্থীতা প্রত্যাহারের জন্য প্রশাসনেরও চাপ রয়েছে। আমরা তৃতীয় ধাপের নির্বাচনে ১১২ জন চেয়াম্যান প্রার্থী দিয়েছি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত দুই ধাপের নির্বাচনে সরকারি দলের দখল দারিত্ব ছিল। যার কারণে নির্বাচন তামাশায় পরিণত হয়েছে। যার ফলে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এজন্য নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।

গণতান্ত্রিক বিপ্ল­বী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, গত দুই নির্বাচনে সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনেও এ ধরণের ঘটনা ঘটতে পারে। নির্বাচন কমিশনও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, নির্বাচন হচ্ছে, কিন্তু তাতে জনগণের কোনো প্রতিফলন ঘটছে না। তাই এবারের নির্বাচনও ভাল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি বলেন, গত নির্বাচনের চেয়ে এবার নির্বাচন আরও ভাল হবে বলে আমরা মনে করি। তবে এক্ষেত্রে ইসি এবং সরকারকেই দায়িত্ব নিতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি