শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শফিক রেহমান বনাম সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৬

51353-400x280
ডেস্ক রিপোর্টঃ

শফিক রেহমানের গ্রেপ্তার হওয়াটাই এখন টক অফ দ্যা নেশান। এটাই আমাদের জাতীয় চরিত্র। যখন যেটা সামনে আসে সেটা নিয়েই মেতে উঠি আমরা। শফিক রেহমানকে চিনি বা চিনতাম অন্য আদলে। এরশাদ আমলে জামার ভেতর লুকিয়ে নেওয়া ঘামে ভেজা ‘যায়যায়দিন’ ছিল আগুনের টুকরো। এর এক একটা লেখা এক একটা ফিচার আর মিলা মঈনের সংলাপ ছিল আমাদের এরশাদ হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনার হাতিয়ার। এর জয় জৌলুস রমরমার কৃতিত্ব তিনি একা ভোগ করলেও নেপথ্যে ছিলেন বিভুরঞ্জন সরকার, তারিখ ইব্রাহীম নামের আড়ালে দৈনিক সংবাদ সম্পাদক মুনীরুজ্জমানের কথা বলেন না কেউ। এরাই ছিল ‘যায়যায়দিনে’র পিলার। পপুলারিটির আরেকটা কারণ ছিল সীমিত মিডিয়া।

যখন টাকা পয়সা জমি ও ক্ষমতা হাতে পেলেন তখন নিদারুণভাবে মার খাওয়া ‘যায়যায়দিন’ যায় যায় রাতের মতো হারিয়ে গেল। শেষে এমনও হলো টাকা পয়সা না দিতে পারার কারণে অথবা অজুহাতে দেশ ছেড়ে পলায়নের সময় তাকে বিমান থেকে নামিয়ে আনা হলো। সে খবর সে ছবিও দেখতে হয়েছে আমাদের। গোখরা সাপ থেকে ঢোরা সাপে পরিণত হওয়া শফিক রেহমানের বিলেতি কায়দা আর সাহেবি বোলচাল বেশিদিন ইউনিক থাকলো না। এটা মানতেই হবে তিনি একজন আপদমস্তক আধুনিক মানুষ ছিলেন। আজকাল সাংবাদিকতা বা মিডিয়া পেশায় অনেক ধরনের ঝুটঝামেলা। বস বা মালিকদের বেশিরভাগের অনাচারের কথা সবার জানা। এমনও গুঞ্জন আছে এখন কারাগারে থাকা এক চ্যানেল মালিকের রুমে রাতে কোনো নারী সাংবাদিকই যেতে চাইতেন না। এর কাছাকাছি আরও কতো কাহিনী। এই সেদিন আমার প্রিয়ভাজন একজন বারবার ঢাকা যাবার কথা বলছিলেন। ইনি বিদুষী। সুন্দরীও বটে। রুচিশীলার এককথা ঢাকা এখন বৃন্দাবন। দেখতে আস। শফিক রেহমানের ব্যাপারে এমন কোনো অভিযোগ শুনিনি। বরং আমার মেয়েবন্ধু যারা তার সাথে কাজ করত তাদের চোখে তিনি একজন নিরাপদ আধুনিক মানুষ। আধুনিক না হলে এমন মৌলবাদী সমাজে ভালোবাসার মতো নাপাক বিষয়কে পপুলার করতেন? তার এই কৃতিত্ব খাটো করার নয়। তার বদলে যাওয়া চরিত্রের পেছনে আওয়ামী লীগের নিশ্চয় ভূমিকা আছে। এ দলটির হয় প্রভু আছে, নয় আছে চাকর বা স্তাবক। মাঝখানে কিছু নাই। তাই তারা বন্ধুহীন। শফিক রেহমানের বেলায় কি ঘটেছিল জানি না তবে তাকে দেখলেই আমার জিন্নাহর কথা মনে পড়ে। মোহাম্মদ আলী জিন্নাহও মদ খেতেন। শুয়োর খেতেন। বিলেতি পোশাক পরে মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করতেন। এ এক অবাক করা ব্যাপার। সে ধারাবাহিকতা মানে, পোশাকে, চলনে বলনে, আহারে, মৈথুনে আধুনিক স্মার্ট মানুষগুলোই কেন জানি বিএনপি করে। না এরা আওয়ামী লীগ না জামাত।

আমি চট্টগ্রামের মানুষ। আজীবন এক বিষয়ে হিসাব মিলাতে পারি না। টুপি দাড়ি, লেবাসহীন সুটকোট, পাজামা পাঞ্জাবি পরিহিত আমির খসরু, আবদুল্লাহ আল নোমান বা মীর নাসিরের বিপরীতে ভোট দিতে হলো দাড়ি টুপির এ বি এম মহিউদ্দীনকে। এখন যে সুজনরা তারাও একই লেবাসে বা পোশাকে। এ এক রহস্য।

ফরহাদ মজহার, এ কে খন্দকার, এমাজউদ্দীন, তুহিন মালিক, শফিক রেহমান কারও চেহারা পোশাক চলন বা কথায় জামায়াতি ছাপ নাই। এরা তাদের মতো বিনয়ে মাথা চুলকায় না। আওয়ামী লীগারদের মতো ভুল বাংলায় ‘রক্ত দিছি, রক্ত দিব’Ñ জাতীয় কথা বলেন না। কিন্তু এরা জামায়াতের চেয়েও ভয়ংকর হতে পারেন। এক মাহমুদুর রহমানই তার বড় প্রমাণ।

শফিক রেহমান খালেদা জিয়ার ভাষণ লিখতেন এটা বাজারে বেশ চালু। লিখলেই বা দোষের কি? আমাদের দেশের নেতারা যেসব বাণী দেন আমি সেগুলোকে বলি মেহেরবানী। কেউ নিজে লেখেন না। কারও সময় নাই, কারও নাই এলেম। এলেমদার শফিক রেহমান খালেদা জিয়ায় মজে এমনই নষ্ট হয়েছিলেন তার লেখা পড়ে মনে হতো নব্য মওদুদীর লেখা পড়ছি। জয় বাংলা যখন স্লোগান আকারে বলা হয় তখন টেনে টেনে সুর করে বলাটাই রেওয়াজ। তিনি এর নাম দিয়েছিলেন জয় লম্বা বাংলা।

পিতার নীতি দেশপ্রেম নিজের অতীত থেকে সরে দাঁড়ানো বৃদ্ধ শফিক রেহমান তাই বলে জয়কে খুনের পরিকল্পনায় অংশ নিয়েছিলেন এটা কেমন জানি বেশি বেশি মনে হচ্ছে। যদিও পত্রিকার পাতায় আর টেলিভিশনের খবরে যা দেখছি তা বিশ্বাস না করেও উপায় নেই!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি