রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের প্রতিবাদে রাবিতে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে সমাবেশ ও বিক্ষোভ করেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় অজ্ঞাত এক যুবককে আটক করেছে পুলিশ।
অধ্যাপক রেজাউল করিম হত্যাকা-ের প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টায় রাবি ক্যাম্পাসে শোক মিছিল করেন ইংরেজিসহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে রাবির প্রধান ফটকের মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য দেন, রাবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজান উদ্দিন, রাবির উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, সাবেক ভিসি প্রফেসর সাইদুর রহমান খান প্রমূখ।
বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন। এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও কর্মসূচি পালন করা হয়।
এদিকে, রোবারের পূর্ব নির্ধারিত কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিতসহ আগামী সোমবার পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি।
শনিবার বিকালে প্রফেসর রেজাউল করিম হত্যার ঘটনায় নগরীর বোয়ারিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে ওই রাতেই এক যুবককে আটক করে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তমিজউদ্দিন সরদার সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। তবে তদন্তের স্বার্থে আটক যুবকের নাম পরিচয় জানানো হয়নি। সর্বশেষ তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
বোয়ালিয়া থানা থেকে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হত্যা মামলাটি স্থানান্তর করা হয়। এছাড়াও হত্যাকা-ের তদন্তে আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তজিম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করা হয়। এদিকে, শনিবার রাতে রেজাউল করিম সিদ্দিকীকে তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারার দরগামারিয়া গ্রামে দাফন করা হয়।
তিনি শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার ১শ’ গজ দূরে সন্ত্রাসীদের হাতে নিহত হন। আর রাতেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করে জানায়, জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।


























































