বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা পুনঃনির্ধারণের পর টিউশন ফি ঠিক করা হবে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে টিউশন ফি বাড়তে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বেতন বৃদ্ধির বিষয়ে আয়োজিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। তিনি ওই সভায় সভাপতিত্ব করেন। এতে রাজধানীর ১২টি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষাসচিব আরও বলেন, সারাদেশের প্রতিষ্ঠানকে নিয়ে বৈঠক করা সম্ভব নয়। তাই ঢাকার কিছু প্রতিষ্ঠানকে নিয়ে বসেছি। প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের তথ্য আমাদের কাছে আছে। এজন্যই শিক্ষার্থীর টিউশন আমরা নির্ধারণ করে দিইনি। তাদের (প্রতিষ্ঠান প্রধান) কথা শুনেছি। পাশাপাশি তাদের কাছে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। সেসব পর্যালোচনা শেষে প্রশাসনিকভাবে ফি কাঠামো নির্ধারিত হবে।
তিনি বলেন, ফি নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের ওপর। দেখা গেল, কোনো প্রতিষ্ঠানের ব্যয়ের তুলনায় আয় কম। তখন তাদের বাড়তি ফি আদায়ের পরিমাণ ঠিক করে দেওয়া হবে। আবার কারও আয় বেশি। উদ্বৃত থাকে। সেক্ষেত্রে বরং তাদের ফি কমানো উচিত। তবে কী করতে হবে, সে বিষয়েই পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রশাসনিক আদেশ জারি করা হবে।
সচিব বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে হারে শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয়েছে তাতে প্রায় দ্বিগুণ করা হয়েছে। কিন্তু এটা করার সুযোগ নেই। বেতন কাঠামোর স্কেল অনুসারেই যার যার বেতন বাড়ার কথা। সাধারণত বেতন স্কেল বাস্তবায়ন করা হলে অন্য ভাতা থাকে না। কিন্তু ক্লাস টিচার অ্যালাউন্স, সিটি অ্যালাউন্স এমন নানা অ্যালাউন্স নিচ্ছেন অনেকে। এর ফলে তাদের বেতন অনেকে বেড়ে গেছে। ফলে এর চাপ পড়েছে শিক্ষার্থীদের ওপর। তাই টিউশন ফিও বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, আগে নেয়া টিউশন ফির হিসাবে শতভাগের (হিসাবে) নয়, বিভিন্ন শ্রেণি (ক্লাস্টার) অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করা হবে। এক্ষেত্রে সব স্কুলে সমান অংকে ফি বাড়বে না। এজন্য শিক্ষকদের বেতন পুনঃনির্ধারণ করে জানাতে বলা হয়েছে। সে অনুযায়ী ওই শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এক্ষেত্রে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না।
এদিকে মাউশির তদন্ত কমিটির বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন স্কুলের আয়-ব্যয়ে চরম পার্থক্য রয়েছে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ শতভাগ টিউশন ফি বাড়িয়েছে। অথচ তাদের ৩২ কোটি টাকা উদ্বৃত থাকে। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ সাড়ে ৮৭ শতাংশ বাড়িয়েছিল। শহীদ পুলিশ স্মৃতি স্কুল সর্বোচ্চ ৪৩ শতাংশ ফি বাড়িয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ১১ শতাংশ পর্যন্ত টিউশন ফি বাড়িয়েছে। এই প্রতিষ্ঠানের বছরে সোয়া ৪ লাখ টাকা উদ্বৃত থাকে। উদয়ন উচ্চ বিদ্যালয় একশ ভাগ পর্যন্ত ফি বাড়িয়েছে। এই প্রতিষ্ঠানের আয়ের চেয়ে বছরে সোয়া ২ লাখ টাকা ব্যয় বেশি। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় ৫০ শতাংশ পর্যন্ত ফি বাড়িয়েছে।


























































