শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতের আদলে সুপ্রিমকোর্টের বিচারক অপসারণে আইনের খসড়া উঠছে মন্ত্রিসভায়


ভারতের আদলে সুপ্রিমকোর্টের বিচারক অপসারণে আইনের খসড়া উঠছে মন্ত্রিসভায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

d700a65bfb37559c8de01d6823ce880c-400x221
ডেস্ক রিপোর্টঃ

‘সুপ্রিম কোর্টের বিচারকগণের অসদাচরণ আইন-২০১৬’-এর খসড়া অনুমোদনের জন্য উঠছে মন্ত্রিসভায়। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হতে পারে।

একাধিক সূত্রে জানা গেছে, আপিল বিভাগের সাবেক একজন প্রধান বিচারপতি, সাবেক একজন অ্যাটর্নি জেনারেল ও একজন বিশিষ্ট নাগরিকের সমš§য়ে গঠিত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও অপসারণ আইনের খসড়া তৈরি করা হয়েছে।

সূত্র জানায়, ইন্ডিয়ান জাজেস ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৬৮’ আদলে নতুন এই আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। এর আগে খসড়াটি আইন কমিশনের মত নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় তা প্রধান বিচারপতির কাছে সুপারিশের জন্য পাঠায়। এছাড়া মতামত নেওয়া হয়েছে অংশীজনের (স্টেক হোল্ডার)। নতুন এই আইনের নাম ‘সুপ্রিম কোর্ট বিচারকদের অসদাচরণ ও অসামর্থ (তদন্ত ও প্রমাণ) আইন, ২০১৬’। খসড়ায় সুপ্রিম কোর্টের বিচারকের অসদাচরণ বিষয়ে কে তদন্ত করবে, কীভাবে তদন্ত হবে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। এজন্য তিন সদস্যের কমিটি তদন্তের পর প্রতিবেদন জাতীয় সংসদে জমা দেবে। ওই প্রতিবেদনের ওপর জাতীয় সংসদে আলোচনা হবে। সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অপসারণের চূড়ান্ত চিঠিতে সই করবেন।

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের নিয়মটি সংবিধানে এ পর্যন্ত তিনবার পরিবর্তন করা হয়েছে। বাহাত্তরের সংবিধানে বিচারকদের অপসারণের ক্ষমতা ছিল সংসদের হাতে। সংবিধানের ৯৬ (২) অনুচ্ছেদে বলা ছিল, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের জন্য দুই-তৃতীয়াংশ সাংসদের ভোটে সমর্থিত প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা যাবে।

১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীতে ৯৬ (২) অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়।

১৯৭৭ সালে বিচারকদের অপসারণের পদ্ধতিতে আবার পরিবর্তন আসে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক সামরিক আদেশে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়। এরপর ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান সংবিধানে ৯৬(৩) অনুচ্ছেদ অন্তর্ভুক্ত হয়। ২০১০ সালে আপিল বিভাগ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অনুমোদন দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালে ১৫তম সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয়টি সংবিধানে থেকে যায়।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা ছিল কোনো বিচারকের সামর্থ্য বা আচরণ সম্পর্কে তদন্ত করার। এ কাউন্সিলের তদন্ত প্রতিবেদনে যদি বিচারককে অপসারণের সুপারিশ করা হয়, তবে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারতেন।

২০১২ সালে তৎকালীন হাইকোর্ট বিভাগে ও পরে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিচারপতিদের অপসারণের পদ্ধতি আবার সংসদের হাতে ফিরিয়ে আনার দাবি ওঠে। ওই সময়ে স্পিকার (বর্তমানে রাষ্ট্রপতি) মো. আবদুল হামিদকে নিয়ে বিচারপতি শামসুদ্দিনের একটি মন্তব্যের সূত্র ধরে কয়েকজন সংসদ সদস্য তাকে অপসারণের দাবি তোলেন। এরপর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করা হয়। এর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবার সংসদের হাতে ফিরে যায়, সেই সঙ্গে অভিযোগ তদন্তের জন্য আইন প্রণয়নের দাবি ওঠে। অবশ্য ষোড়শ সংশোধনীর পরপরই ২০১৪ সালের নভেম্বরে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুলও দেন ।

অন্যদিকে, আজকের মন্ত্রিসভা বৈঠক উঠতে পারে ‘জাতীয় গৃহায়ন নীতিমালা আইন-২০১৬’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি