প্রচ- গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু রাজধানী নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে।
পানীয় গ্রহণে অসর্তকতাসহ নানা কারণকে দায়ী করে এক্ষেত্রে সচেতনতার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কলেরা হাসপাতালে আসা নাজমা বেগম বলেন, তার ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হওয়ার কথা। এইখানকার সার্বিক ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি রোগী ভর্তি আছে। প্রতিদিনই দেড়শ থেকে দুইশ রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাও এজন্য প্রচন্ড গরমকে দায়ী করছেন অভিভাবকরা।
দেশে প্রচন্ড খরতাপ আর খাবারের প্রতি অসর্তকতার কারণে অন্যান্য সময়ের তুলনায় এসময়টাতে ডায়রিয়া আক্রান্তের হার বেশি হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, খাবার-দাবরের প্রতি বাড়তি সতর্কতা আনলে এধরনের ডায়রিয়া আক্রান্ত থেকে রক্ষা পেতে পারে।
কলেরা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ড. রফিকুল ইসলাম বলেন, খেয়াল রাখতে হবে আমরা যে পানি পান করছি তা বিশুদ্ধ পানি কিনা, উষ্ণ ও নিরাপদ পানি কিনা আর বাসি-পান্তা খাবার এড়িয়ে যেতে হবে।
ডায়রিয়া একটি পানি বাহিত রোগ। তাই এই রোগ থেকে বাঁচতে নিশ্চিত করতে হবে খাবার এবং পানির উৎসের বিশুদ্ধতা। মাথায় রাখতে হবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারটিও।























































