দেশে প্রায় ৫০ লাখ মানুষ মাদক সেবন করছে, যার ৫০ ভাগের বেশি ভয়ঙ্কর মাদক ইয়াবায় আসক্ত। আবার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সুবিধাভোগী শ্রেণী ও বিভিন্ন পেশার মানুষ এই ব্যবসায় জড়িত হওয়ায় দেশে ইয়াবার ব্যবহারও বাড়ছে দ্রুততার সাথে।
দেশে যে পরিমাণ ইয়াবা ধরা পড়ে, তার চেয়ে কয়েকশ’ গুণ বেশি ব্যবহৃত হচ্ছে এমন ধারনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আর মাদকমুক্তির আন্দালনে জড়িতদের। তাদের তথ্যমতে ২০১০ থেকে ২০১৫ সাল এই ৫ বছরে দেশে ইয়াবার ব্যবহার বেড়েছে ৮১ গুণ। এ নিয়ে উদ্বিগ্ন খোদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডিজি আমির হোসেন বলেন, ‘যতই অভিযান পরিচালনা করা হোক না কেন যারা মাদক ব্যবসায়ী এবং মাদক পাচারকারী তারাও কৌশল পরিবর্তন করে। এর ফলে প্রতিরোধ বা প্রতিহত করা অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য হয়’।
দেশে যে ইয়াবা ব্যবসা করে বাড়ছে আটকের পরিসংখ্যানই তা স্পষ্ট করে তুলেছে। ২০১০ সালের তুলনায় ২০১৫ সালে ৮১ গুণ বেশি ইয়াবা ধরা পড়েছে। আটকের সংখ্যা থেকে হিসেব কষে এই তথ্য বের করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ইয়াবা আটকের পরিমান এবং সাল:
২০১০ সালে ৮ লাখ ১২ হাজার ৭১৬, ২০১১ সালে ১৩ লাখ ৬০ হাজার ১৮৬,
২০১২ সালে ১৯ লাখ ৫১ হাজার ৩৯২, ২০১৩ সালে ২৮ লাখ ২১ হাজার ৫২৮,
২০১৪ সালে ৬৫ লাখ, ১২ হাজার ৮৬৯, ২০১৫ সালে ২ কোটি ২ লাখ ৬৯ হাজার ৪৫
সংশ্লিষ্টদের মতে, মূলত ইয়াবা আসে মিয়ানমারের সীমান্ত পার হয়ে, কক্সবাজারের টেকনাফ দিয়ে। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির তথ্য, টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের মংডুতে বাংলাদেশ সীমানার ১০ কিলোমিটারের ভেতরে গড়ে উঠছে ইয়াবা কারখানা।
আবার বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্ত দিয়েও কিছু ইয়াবা ঢোকে দেশে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়াকড়ির কারণে এখন টেকনাফের পরিবর্তে মিয়ানমার থেকে নৌপথে সরাসরি চট্টগ্রাম এবং ঢাকায় ইয়াবা আসছে বেশি। পরে তা ছড়িয়ে পড়ছে গোটা দেশে।
কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে অনেক আগেই। দেশের নানা জায়গায় জনপ্রতিনিধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ইয়াবা পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। এ কারণে দেশে ইয়াবার বিস্তার হচ্ছে দ্রুততার সাথে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘বড়বড় চালানগুলি সাধারণত আসে নৌ পথে এবং নৌ পথ থেকে ট্রানজিট হয়ে বাংলাদেশে ঢোকে। বাংলাদেশে আসার পরে দুইভাবে ইয়াবা পাচার হয় তার একটা হল ট্রলার। এখন হাজার হাজার ট্রলার রয়েছে, প্রত্যেকটি ট্রলার সমুদ্রের মধ্যে অনেক সময় চেক করা সম্ভব হয় না’।
চাহিদা বাড়ায় বাড়ছে ব্যবসায়ীও, ২০১৪ সালে সাড়ে চার হাজার, ২০১৫ সালে সাড়ে ছয় এবং চলতি বছরের প্রথম তিন মাসে শুধু র্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছে প্রায় দেড় হাজার ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও।
পুলিশ সদর দপ্তরের তথ্য, ইয়াবা চোরাচালানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রতি বছর ১০ হাজারেরও বেশি মামলা হয়। বিচারে দীর্ঘসূত্রতায় এসব মামলার বেশিরভাগ ঝুলে থাকে বছরের পর বছর ধরে।























































