শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার নোয়াপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত,আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

13178599_1576280442669715_1041303601699695883_n

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম মুকুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৩ মে) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম মুকুল ওই এলাকার এ.কে.এম ইউনুসের ছেলে। নিহত মুকুল ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৪৫), তার ভাতিঝা রিফাত (২৫) ও দোকানের কর্মচারি রিপন (২২) । আহতদের মধ্যে সাইফুল ইসলাম ও রিপন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত রিফাতকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত মুকুলের স্ত্রী নুরুন্নাহার আখি জানান, এই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে রাসেল ও সাবেক ওয়ার্ড মেম্বার গফুরের ছেলে আরিফ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় সূত্র জানায়, দুবৃর্ত্তরা প্রথমে সাইফুল ইসলামে বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলিবর্ষণ করে। পরে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা পার্শ্ববর্তী বাড়ির রফিকুল ইসলাম মুকুলকে গুলি করে । এ সময় ঘটনাস্থলে মুকুলের মৃত্যু হয়। পরে ঘাতকরা পালিয়ে যায়।

কোতোয়ালি থানার পরিদর্শক শামসুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি