তাওহিদ হোসেন মিঠু ঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় সুজন (২০) হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত চতুর্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চান্দিনা উপজেলার ছায়কোট এলাকার মৃত মোস্তফার ছেলে আবুল কালাম (২৪) , আব্দুল মান্নানের ছেলে তৌফিকুল (২০) ও মোঃ শাহজাহানের ছেলে মোঃ সবুজ (২৫) । এরা সবাই কুমিল্লার কারাগারে রয়েছেন।
নিহত সুজন কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি চান্দিনা বাজারে ব্যবসা করতেন।
মামলার বিবরনীতে জানা যায়, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় সুজন মোটরসাইকেল কেনার জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে দোকান থেকে বের হয়। এ সময় তার তিন বন্ধু আবুল কালাম, তৌফিকুল ও সবুজ তাকে চান্দিনা আজাম পাড়া ফকির বাড়িতে একটি মাহফিলে নিয়ে যায়। সেখানে তারা সুজনকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে তার সাথে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ২টি মোবাইল আত্মসাৎ করে। পরে সেখান থেকে চান্দিনা মহিলা কলেজের পাশে নির্জন স্থানে নিয়ে সুজনকে আসামী তৌফিক ইট দিয়ে আঘাত করে, তারপর আবুল কালাম ও সবুজ ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে ২১ সেপ্টেম্বর সকালে চান্দিনা মহিলা কলেজের পাশ থেকে স্জুনের অর্ধগলিত লাশ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ । পরে পুলিশ ঘাতক তিন বন্ধুকে আটক করে।
২১ সেপ্টেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদি হয়ে চান্দিনা থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩০ জানুয়ারী থানা পুলিশ ১১ জন স্বাক্ষ্য নিয়ে আদালতে চার্জশিট প্রদান করেন। পরে দীর্ঘ শুনানী শেষে আদালত তিনজনের ফাঁসির আদেশ প্রদান করেন।


















































