মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মুকুল হত্যা ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

comilla mokol murder-13.5.16

তাওহিদ হোসেন মিঠু ঃ

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত রফিকুল ইসলাম মুকুল (৪৫) হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় নিহতের স্ত্রী নুরুন্নাহার আখি বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন,কুমিল্লার আর্দশ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা স্থানীয় ৭ নং ওয়ার্ড মেম্বার সেলিম মিয়া ও তার ছেলে রাসেল এবং সাবেক ওয়ার্ড মেম্বার গফুরের ছেলে আরিফ ও আরিফের ভগ্নিপতি মাহবুব। অন্য আসামিদের পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার পরিদর্শক সামসুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, শুক্রবার (১৩ মে) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বাড়িতে ঢুকে প্রতিপক্ষরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে । এ সময় এ.কে.এম ইউনুসের ছেলে ডেকোরেটর ব্যবসায়ী রফিকুল ইসলাম মুকুল (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৪৫), তার ভাতিঝা রিফাত (২৫) ও দোকানের কর্মচারি রিপন (২২) । আহতদের মধ্যে সাইফুল ইসলাম ও রিপন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত রিফাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দুবৃর্ত্তরা প্রথমে সাইফুল ইসলামে বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলিবর্ষণ করে। পরে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা পার্শ্ববর্তী বাড়ির রফিকুল ইসলাম মুকুলকে গুলি করে । এ সময় ঘটনাস্থলে মুকুলের মৃত্যু হয়। পরে ঘাতকরা পালিয়ে যায়। নিহত মুকুলের স্ত্রী নুরুন্নাহার আখি জানান, স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিমের ছেলে রাসেল ও সাবেক ওয়ার্ড মেম্বার গফুরের ছেলে আরিফ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি