ডেস্ক রিপোর্ট ঃ
ফরোয়ার্ডদের ব্যর্থতায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র করেছে ২০০৪ আসরের রানার্সআপরা। ‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। টানা দ্বিতীয় ড্রয়ের পর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরুতেই গোল খেতে বসেছিল পর্তুগাল। মার্সেলের ক্রস গোলমুখে পেয়েও মাথা লাগাতে পারেননি অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্টিন হার্নিক।
ত্রয়োদশ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম সুযোগ তৈরি করে পর্তুগাল। সঙ্গে লেগে থাকা এক জনের বাধা এড়িয়ে জোরালো শট নেন নানি। গোলরক্ষক ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে শট নেন মিডফিল্ডার জোয়াও মৌতিনিয়ো; এবার কর্নারের বিনিময়ে ঠেকান আলমের।
লুইস ফিগোকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে রেকর্ড ১২৮তম ম্যাচ খেলতে নামা রোনালদো ২১তম মিনিটে দারুণ এক সুযোগ পান। তবে ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরোর বাড়ানো বল ছয় গজ বক্সের সামনে ফাঁকায় পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন রিয়াল মাদ্রিদ তারকা। ছয় মিনিট বাদে নানির হেড পোস্টে লাগলে হতাশা আরও বাড়ে পর্তুগিজদের।

ধারার বিপরীতে বিরতির কিছুক্ষণ আগে গোল খেতে বসেছিল পর্তুগাল; বাঁ-দিক থেকে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার দাভিদ আলাবার বিদ্যুৎ গতির বাঁকানো ফ্রি-কিক গোলমুখ থেকে ফেরান ভিয়েইরিনিয়া।দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে রোনালদোকে দুবার হতাশ করেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রোনালদোর দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন। কর্নার থেকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার হেড ঠেকান আলমার।
৭৫তম মিনিটে ডিফেন্ডার মার্টিন হিন্টারেগার ডি বক্সের মধ্যে রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিকে গোলরক্ষককে সহজেই ফাঁকি দেন রোনালদো, কিন্তু বল মাঠে ফেরে পোস্টে লেগে।
৮৫তম হেডে বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন রোনালদো; কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজালে আবারও পর্তুগালের সঙ্গী হয় পয়েন্ট হারানোর হতাশা।
আইসল্যান্ড ও হাঙ্গেরির মধ্যে শনিবার সন্ধ্যায় হওয়া গ্রুপের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে হাঙ্গেরি। আইসল্যান্ডের পয়েন্টও পর্তুগালের সমান ২। অস্ট্রিয়ার পয়েন্ট ১।

























































