ডেস্ক রিপোর্ট ঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে দিন দিন শঙ্কিত হয়ে পড়েছেন দলের নেতা-কর্মীরা। যেভাবে দুর্নীতির মামলা চলছে তাতে বিএনপি নেত্রীর সাজা দ্রুত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আবার দলের কেউ কেউ অভিযোগ করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের কঠোর মনোভাবের কারণে বিএনপি নেতা-কর্মীরা আতঙ্কিত। ঈদুল ফিতরের পর যাতে বিএনপি কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারে সেই চেষ্টা চলছে। এ ছাড়া খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখে ‘যেন তেন’ একটি জাতীয় নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে বিএনপিকে চাপে রাখার চেষ্টা করছে সরকার।
খালেদা জিয়ার আইনজীবী ও দলের নেতাকর্মীরা মনে করেন, সরকারের আচরণে মনে হয় না বিএনপি চেয়ারপারসন ন্যায়বিচার পাবেন। আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য করার চেষ্টা করছে সরকার। তবে গ্রেফতার কিংবা জেলে যাওয়া নিয়ে তেমন দুশ্চিন্তায় নেই খালেদা জিয়া। তিনি বরং সব ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও নাশকতার অভিযোগে প্রায় ২০টি মামলা চলমান। এর মধ্যে ১৫টি মামলায় চার্জ গঠন করা হয়েছে। মামলাগুলো যেভাবে দ্রুতগতিতে চলছে, তাতে মনে হয় খালেদা জিয়ার সাজা হওয়া সময়ের ব্যাপার মাত্র। ফলে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়বে এটাই স্বাভাবিক।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে পাঁচটি মামলা। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাগুলো দায়ের করে।
এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও নাইকো দুর্নীতি মামলা সচল রয়েছে।
গ্যাটকো দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লাখনি মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার আইজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে ছোট করার জন্য এই মামলাগুলো করা হয়েছে। তিনি এর সঙ্গে জড়িত নন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে রুটিন কাজগুলো করেছেন।’
খালেদার আইনজীবী আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের জনপ্রিয়তার কারণেই তাকে নির্বাচন থেকে দূরে রাখতে মামলাগুলোতে একটা রায় করিয়ে নেওয়া। এটা অপকৌশল মাত্র।’
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নাইকো চুক্তি করলেন শেখ হাসিনা। আর খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শুধু রুটিনওয়ার্ক করেছেন। অথচ মূল অপরাধী খালাস পেয়ে গেলেন। এখন আদালতে হাজিরা দিচ্ছেন খালেদা জিয়া।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হচ্ছে, এমন খবর প্রতিদিনই গণমাধ্যমে আসছে; কিন্তু পদ পেতে দলের নেতা-কর্মীদের তদ্বির থেমে নেই। সংকট মোকাবিলার জন্য কারও বাসায় আলোচনা হয় না। কাকে কার ওপর নেওয়া হবে, কাকে কী দেওয়া হবে―সেসব নিয়ে আলোচনা। আন্দোলন করতে হলে পদ-পদবির দরকার হয় না। এক-এগারোর সময় স্থায়ী কমিটির সদস্য, ভাইস-চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিবদের খুঁজে পাওয়া যায়নি। যারা মন্ত্রী-এমপি ছিলেন, তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।’
ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পত্রিকায় দেখলাম, দেশনেত্রীকে কারারুদ্ধ করার প্রক্রিয়া চলছে। এই আওয়ামী সরকারের পক্ষে অসম্ভব বলে কিছু নেই, মানবতাবোধ বলে তাদের মধ্যে কিছু নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশনেত্রীকে গ্রেফতারের পরিণাম খুব ভালো হবে না।
দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘সরকারের আচরণে মনে হচ্ছে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা দরকার। তা না হলে ক্ষমতায় থাকা যাবে না। সরকারের এমন আচরণে আমরা শঙ্কিত।’
বৃহস্পতিবার (২৩ জুন) সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় আসার পর স্বঘোষিত প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ১৫টি মামলা থেকে মুক্ত হয়েছেন। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে নিয়ে টানাহেঁচড়া চলছে। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা নাইকো মামলা চলতে হলে শেখ হাসিনাকেও আসামি করতে হবে। তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা হচ্ছে পাঁচটি। বাকিগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় করা সহিংসতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও মানহানির পিটিশন মামলা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেস ডকেট চেয়ে করা আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি ১ আগস্ট অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (১৬ জুন) এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মির্জা হোসেন হায়দার শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে ১৫ মে হাইকোর্ট খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে আদেশ দেয়। ওই খারিজ আদেশের বিরুদ্ধে ২৬ মে আপিল করেন খালেদা জিয়া।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে আর্থিক লেনদেনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার (২৩ জুন) দিন ধার্য রয়েছে।
রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম চলছে।
গত ১৬ জুন তিনজন সাক্ষী সোনালী ব্যাংকের কুমিল্লা কর্পোরেট শাখার ডিজিএম হারুন অর রশিদ, প্রাইম ব্যাংকের গুলশান শাখার ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন এবং প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মাসুদ বিন করিমকে জেরা শেষ করে আসামিপক্ষ।
প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বোরহান উদ্দিন এবং মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে রেজাউল করিম সরকার পর্যায়ক্রমে তাদের জেরা করেন।
এরপর নতুন আরও চারজন সাক্ষী―প্রাইম ব্যাংকের কর্মকর্তা আফজাল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাবরক্ষক মাজেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা আলফা সানি ও মোখলেছুর রহমানের জবানবন্দি সাক্ষ্যগ্রহণ করেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুন) এ চার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া বৃস্পতিবার আদালতে যাচ্ছেন না।
আগামী ১১ জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় চার্জ শুনানি রয়েছে। গত ৭ জুন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে এই তারিখ ধার্য করেন।
নাইকো রিসোর্স কোম্পানিকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুদক।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা। ঠিকাদারি কাজে ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুদক। মামলায় খালেদা জিয়াসহ ১৬ জনকে আসামি করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিওন জানান, হাইকোর্টে মামলাটির শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য গ্যাটকো লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের এক হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুদক। হাইকোর্টে মামলাটির শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিওন জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকাসহ দেশের থানায় বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর গুলশান থানায় ১টি, কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২টি, খুলনা সদর থানায় ১টি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানার ৩টি রাষ্ট্রদ্রোহ মামলা উল্লেখযোগ্য। এর মধ্যে গুলশান, কুমিল্লা ও খুলনার মামলাগুলো তদন্তাধীন। তবে যাত্রাবাড়ী থানার মামলাগুলোর অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে চারটি পিটিশন মামলা রয়েছে। এসব মামলাও তদন্তাধীন আছে বলে জানা গেছে। দ্য রিপোর্ট























































