ডেস্ক রিপোর্ট ঃ
দুই ম্যাচেই তখন ৮৩ মিনিট। লিলে ইতালি-আয়ারল্যান্ড, নিসে বেলজিয়াম-সুইডেন, দুটি ম্যাচই তখনও গোলশূন্য। তখনও তো বেঁচে ছিল ইব্রাহিমোভিচের আশা।
কিন্তু চিত্রনাট্যটা সুইডিশ স্ট্রাইকারের হতাশার গল্প হয়ে গেল পরের মিনিটেই। লিলে ওয়েস হুলাহানের ক্রসে মাথা ছুইঁয়ে বল ইতালির জালে পাঠিয়ে দিলেন আয়ারল্যান্ডের রবি ব্র্যাডি। ঠিক একই সময়ে নিসেও গোল! ৮৪ মি্নিটেই ২৫ গজ থেকে দূরপাল্লার শটে সুইডিশদের জালে বল জড়িয়ে দিলেন বেলজিয়ামের রাদজা নাইঙ্গোলান।
দুটি ম্যাচে একই সময়ে দুটি গোল। তাতেই নিশ্চিত হয়ে গেল সুইডেনকে পেছনে ফেলে গ্রুপ থেকে ইউরোর নকআউট পর্বে যায়গা করে নিচ্ছে বেলজিয়াম ও আয়ারল্যান্ড। সুইডেনের বিদায়ের সঙ্গে থেমে গেল আন্তর্জাতিক ফুটবলের অঙ্গনে ইব্রাহিমোভিচের পথচলা।
গ্রুপে ইতালি নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে আগেই নিশ্চিত করে রেখেছিল, আজ যা-ই হোক না কেন, গ্রুপশীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে তারাই। আজ ইউরোর গ্রুপপর্বের শেষ ম্যাচে লড়াইটা ছিল বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনের মধ্যে ত্রিমূখী। সমীকরণ সোজা, জিতলেই পরের রাউন্ডে। সমীকরণটা মিলল শুধু আয়ারল্যান্ড ও বেলজিয়ামের।গ্রুপে রানার্সআপ হওয়ায় বেলজিয়াম শেষ ষোলোতে খেলবে হাঙ্গেরির বিপক্ষে, আর সেরা চার তৃতীয় দলের একটি হওয়ায় আয়ারল্যান্ড শেষ ষোলোতে মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্সের।
আর সমীকরণ মেলাতে না পেরে বাদ পড়ে রইল সুইডেন। ইব্রাহিমোভিচের সুইডেন। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের।
এই ইউরো যে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেটি আগেই ধারণা ছিল। এই ম্যাচের আগের দিনই ইব্রা আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দিয়ে দিলেন, এই টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দেবেন। সঙ্গে জানিয়ে দিয়েছিলেন মনের কোণে থাকা ছোট্ট আশাও, আজ বিদায় নিতে চান না। টুর্নামেন্টের নকআউটে দেশকে তুলে দিয়ে মাথা উঁচু করেই বিদায় নিতে চেয়েছিলেন।
কিন্তু ফুটবল সবসময় তো আর রোমান্টিক গল্পের পসরা নিয়ে হাজির হয় না। মাঝে মাঝে ফুটবল নিষ্ঠুরও। যার শিকার হয়ে ইব্রাকে বিদায় নিতে হলো আরও একবার আন্তর্জাতিক টুর্নামেন্টে শূন্যতা নিয়েই।
অবশ্য তাতে তাঁর দলেরও দায় কম নয়। প্রথমার্ধে সুইডেনের খেলা দেখে তো মনেই হলো না, এই ম্যাচে তাঁদের বাঁচা-মরার বিষয় জড়িত। শুধু ম্যাচের ৭ মিনিটে ছয় গজ দূর থেকে বার্গের শট, আর ২৬ মিনিটে ইব্রাহিমোভিচের একটা শট ছাড়া আর বলার মতো আক্রমণ ছিল না। বরং ৪৫ মিনিট কর্নার থেকে উইটসেলের হেডে এগিয়ে যেতে পারত বেলজিয়ামই।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা আক্রমণে ধার বাড়ায় সুইডেন। ৮২ মিনিটেই সুইডেনের একটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ডি ব্রুইন। কিন্তু এর দুই মিনিট পর বেলজিয়ামের হয়ে নাইঙ্গোলানের শটটার আর কোনো জবাব ছিল না সুইডিশদের কাছে।
গোলের পর ইব্রাহিমোভিচের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল, নিজেও টের পাচ্ছিলেন বিদায় ঘনিয়ে আসছে।জয় ছাড়া যে আর অন্য কোনো বিকল্প ছিল না তাঁর দলের সামনে।ড্র হলেও বিদায় নিতেই হতো। ছয় মিনিটের কিছু বেশি সময়ে দুই গোল করা, সেটিও পুরো ম্যাচে অপেক্ষাকৃত ভালো খেলা বেলজিয়ামের বিপক্ষে… আবারও ইব্রার ম্যাজিক ছাড়া সেটি সম্ভব হতো না। কিন্তু আজ আর ফুটবল ইব্রার জন্য কোনো রূপকথা লিখে রাখেনি। হতাশা নিয়েই বিদায় নিতে হলো সুইডিশ কিংবদন্তিকে।
অন্য ম্যাচে রবি ব্র্যাডির গোলে ইতালিকে হারিয়ে সেরা তৃতীয় দলের একটি হয়েই শেষ ষোলোতে উঠল আয়ারল্যান্ড। অবশ্য প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা ইতালির বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক খেলে গেছে আইরিশরা। জয়ের তাড়ণাও তাদের খেলায় ছিল স্পষ্ট।
যার ছাপ দেখা গেল ম্যাচের পর আইরিশ সহকারি কোচ রয় কিনের চোখেও। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের চোখে জল দেখতে পাওয়ার মতো বিরল দৃশ্যটাই মনে করিয়ে দিল, কী অবিশ্বাস্য কীর্তি গড়েছে আয়ারল্যান্ড!

























































