ডেস্ক রিপোর্ট ঃ
ম্যাচের আগে জেরার্ডো মার্টিনো কি খানিকটা চিন্তিত ছিলেন? তখন কথাবার্তা শুনে কেন জানি তাঁকে এতটা আত্মবিশ্বাসী মনে হয়নি। যুক্তরাষ্ট্রের মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা। তার ওপর তাঁর রক্ষণভাগ হঠাৎই নড়বড়ে হয়ে পড়ার ইতিহাস তো আছেই। দুশ্চিন্তাই তো।
আসলে দুশ্চিন্তা করার কিছু ছিল না। তাঁর একজন লিওনেল মেসি আছে না! সব হিসাব-নিকাশ যিনি একাই পাল্টে দিতে পারেন। এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার এ পর্যন্ত পথচলাও তো তাঁরই নেতৃত্বে। শিকাগোয় ১৯ মিনিটের জাদুতে হ্যাটট্রিক, ফক্সবরোতে হিগুয়েইন আর লামেলাকে চামচে তুলে খাইয়ে দেওয়া বল জোগানোর পর নিজে করলেন বাতিস্তুতার রেকর্ডছোঁয়া সেই গোল। হিউস্টনে কাল আরেক প্রস্থ মেসি-জাদুতে টানা তৃতীয়বারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। সেমিফাইনালে যুক্তরাষ্ট্র স্রেফ উড়ে গেল ৪-০ গোলে!
কালও দুটি অ্যাসিস্ট, একটা গোল। যদি তুলনা করা হয়, তবে আগের ম্যাচে হিগুয়েইনেরটাই হয়তো এগিয়ে থাকবে কালকের দুটি অ্যাসিস্টের চেয়ে। তবে ৩২ মিনিটে ফ্রি-কিকে ৩০ গজ দূর থেকে করা গোলটা যে আর্জেন্টিনার জার্সিতেই তাঁর সেরা গোলের একটি, তাতে মনে হয় না খুব একটা সন্দেহ থাকে।
আর ওই গোলেই গ্যাব্রিয়েল বাতিস্তুতা পেছনে পড়ে গেলেন, এককভাবেই আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন মেসি। দেশের হয়ে ১১২ ম্যাচে ৫৫ গোল এখন আর্জেন্টাইন অধিনায়কের। অবশ্য আর্জেন্টিনার জার্সিতে মোট ৫৬ গোল করেছেন বাতিস্তুতা, তবে ১৯৯৫ সালে স্লোভাকিয়ার বিপক্ষে যে প্রীতি ম্যাচে তিনি জোড়া গোল করেছিলেন, সেটিকে ফিফা অফিশিয়াল ম্যাচের স্বীকৃতি দেয়নি।
গোল করলেন, করালেন, দল কোপার ফাইনালে উঠল, নিজেও ম্যাচসেরা হলেন। এক ম্যাচে কত প্রাপ্তি! তবে এতেও তিনি পুরো তৃপ্ত নন। মেসি যে চান সেই আরাধ্য ট্রফিটা, যেটির জন্য আর্জেন্টিনার ২৩ বছরের অপেক্ষা! ম্যাচ শেষে তাই একটু আবেগাপ্লুত হয়েই বললেন, ‘এত দূর আসতে পেরে আমি আনন্দিত, রেকর্ডটা পেয়েও। তবে আমরা এখানে এসেছি অন্য কিছুর জন্য। এখানে আসার সময় আমাদের লক্ষ্য ছিল আরেকটি ফাইনালে যাওয়া এবং আমরা তা পেরেছি। আশা করি এটা আর ফসকাবে না।’ আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রাতে মেসি স্মরণ করলেন শুরু থেকে তাঁর সঙ্গে খেলা সব সতীর্থকে, ‘আমার সতীর্থদের কারণেই এটা সম্ভব হয়েছে। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
এ নিয়ে টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের (ব্রাজিল বিশ্বকাপ ও পরপর দুটি কোপা) ফাইনালে উঠল আর্জেন্টিনা। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষের নামও হয়তো এতক্ষণে জানা হয়ে গেছে সবার। আর্জেন্টিনার শিরোপা-খরা ঘুচবে কি না, সেই উত্তরও মিলবে আগামী রোববারের ফাইনালে। কিন্তু মেসি এখনই ফাইনালের চাপ নিতে চান না, ‘ফাইনালে হয় আপনি জিতবেন, নয়তো হারবেন। টানা তিনটি ফাইনালে উঠে আসাও কিন্তু অনেক বড় ব্যাপার, এর কৃতিত্বও দিতে হবে। আশা করি, এবার আমরা জিতব।’
এবারের দলটিকে মনে হচ্ছে অনেক বেশি উজ্জীবিত ও চাপমুক্ত। নিজেদের প্রকাশে উন্মুখ। আগের দুই আসরে এতটা ধারাবাহিক ছিল না আর্জেন্টিনা। মেসি নিজেই মন খুলে খেলছেন। প্রত্যাশার চাপ নিচ্ছেন না বলেই হয়তো। আর্জেন্টিনা অধিনায়ক তাই স্বপ্নটা আরও বাড়িয়ে দিচ্ছেন, ‘আমাদের দলটা হাড়ভাঙা খাটুনি খেটেছে। চিলির মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে প্রথম ম্যাচ থেকেই প্রতিটি কাজ আমরা ভালোভাবে করছি। কোপা এগোতে এগোতে দল হিসেবেও আমরা এগিয়েছি। এই দলটা যা করেছে সত্যিই অবিশ্বাস্য। আশা করি, এবার আমরা সমাপ্তি টানতে পারব জয়েই। কারণ এটা আমাদেরই পাওনা।’

























































