ডেস্ক রিপোর্ট ঃ
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারী মোটরসাইকেল আরোহী তিনজনের একজন ওয়াসিম। সেই মাহমুদাকে গুলি করেছিল। রোববার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওয়াসিম এ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
বেলা তিনটায় নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত ব্রিফিংয়ে ইকবাল বাহার এ কথা বলেন।
হত্যাকা-ের ঘটনায় শনিবার রাতে ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, আনোয়ার ঘটনাস্থলের পাশেই ছিল। তাঁদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়ায়।
ইকবাল বাহার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুনিরা সংঘবদ্ধ চক্রের সদস্য। কার নির্দেশে, কেন তারা এ খুন করেছে, তা তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আজ দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেক তথ্য দিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। অপরাধীরা পেশাদার। খুনে সাত থেকে আটজন অংশ নিয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।
হত্যাকারীরা জঙ্গি কি না বা জঙ্গিরা এ কাজ করিয়েছে কি না, জানতে চাইলে ইকবাল বাহার বলেন, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
গভীর রাতে পুলিশ পাহারায় বাবুল আক্তারকে নিয়ে যাওয়া প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ঘটনার পর থেকে বাবুল আক্তারের নিরাপত্তায় পুলিশ ছিল। তদন্তের স্বার্থে মামলার বাদী হিসেবে তাঁর সঙ্গে তদন্ত নিয়ে আলোচনা হয়েছে।
ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন কি না, জানতে চাইলে কমিশনার কোনো জবাব দেননি।
বাবুল আক্তারের পরিবারের বিভিন্ন অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে কমিশনার বলেন, তারা কোন দৃষ্টিভঙ্গিতে বলেছে জানি না। মামলাটির সঠিক তদন্তে সর্বোচ্চ চেষ্টা রয়েছে।
বাবুল আক্তারকে নজরদারির মধ্যে রাখা হয়েছে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সেখানে নজরদারি কেন?


























































