ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, গুলশানের সন্ত্রাসী হামলা প্রমাণ করে দিয়েছে, দেশে আইএস আছে কি নেই এই বিতর্ক অবান্তর। তারা থাকলেও যে ঘটনা ঘটত, না থাকলেও একই ঘটনা ঘটছে। গুলশানের এই ট্র্র্যাজেডি আরও প্রমাণ করেছেÑ সরকারের ইতোমধ্যে নেওয়া জঙ্গিবিরোধী কৌশল ভুল ছিল। ভুল প্রমাণিত হয়েছে। এখন উচিত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শক্তিÑ সকলে মিলে কার্যকর নতুন একটি কৌশল উদ্ভাবন করা, যাতে করে জঙ্গিদের দমন করা যায়। এটা করতে করতে না পারলে জঙ্গিবাদের ঝুঁকি থেকে মুক্ত থাকা যাবে নাÑ দৈনিক আমাদের অর্থনীতিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন, ডিবিসি’এর সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক জায়েদুল আহসান পিন্টু।
তিনি বলেন, জঙ্গিবাদ এখন আমাদের উন্নয়ন, অগ্রগতি, এগিয়ে যাওয়া, স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই জঙ্গিরা সমাজের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আমাদের রাষ্ট্রকাঠামোর ভিতরেও তারা রয়েছে। প্রশাসনে জঙ্গিদের অনেক পৃষ্ঠপোষক রয়েছে। সহানুভূতিশীল রয়েছে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের গুরুত্বপূর্ণ এসব জায়গা থেকে সমূলে নির্মূল করতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসন থেকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের নির্মূল করা যাবে, ততক্ষণ পর্যন্ত জঙ্গি দমনে সরকারের আন্তরিকতার ফল দৃশ্যমান হবে না।
তিনি আরও বলেন, সরকারকে স্বীকার করতে হবে জঙ্গিবাদ এখন আমাদের জন্য বড় এক সমস্যার নাম। এই সমস্যা বা সংকট মোকাবিলা করা সরকারের একার পক্ষে কখনোই সম্ভব নয়। শুধু এই সরকারই নয়, কোনো সরকারের পক্ষেই তা সম্ভব নয়। সরকারের উচিতÑ সকল প্রগতিশীল রাজনৈতিক দল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, ব্যবসায়ীসহ সবাইকে নিয়ে, সবাই মিলে একসঙ্গে হয়ে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। মানুষের জাগরণ, গণজাগরণ সৃষ্টি করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, তখন জঙ্গিদের চিন্তার মধ্যে যাবে আমাদের তৎপরতায়, সরকার ও জনগণের যৌথ কঠোরতা। জঙ্গিরা তখন রিয়েলাইজ করবেÑ এখানে, এই বাংলাদেশে আমাদের কোনো ঠাঁই নেই। এই পথ ছাড়া দেশ থেকে জঙ্গিবাদের সমস্যার নিরসন করা সম্ভব নয়। মৌলিক এই জায়গায়, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জায়েদুল আহসান পিন্টু বলেন, জঙ্গিবাদের সঙ্গে যারা সম্পৃক্ত বা যুক্ত হচ্ছে তার পেছনে পরিবারের দায় সবার আগে। কারণ পরিবারকেই সবার আগে খেয়াল রাখতে হয়Ñ ছেলে বা মেয়েটি কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তাদের আচরণ পরিবর্তন হচ্ছে কিনা। পরিবারের ভূমিকা রয়েছে তাকে সঠিক পথে রাখার। পরিবার বা আত্মীয়-স্বজন যদি সবসময় তার খোঁজ রাখত তাহলে হয়তো সে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হতো না। পরিবারের লোকজন যদি তাদের সময় দেয়, জঙ্গিবাদের মতো ঘৃণ্য কর্মকান্ডের সঙ্গে তারা সম্পৃক্ত হতে পারে না। শুধুমাত্র গরিব-মাদ্রাসাভিত্তিক পরিবারের লোকজনই জঙ্গি কর্মকান্ডে যুক্ত হচ্ছে না, ধনী পরিবারের ছেলেমেয়েরাও জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ তাদের মধ্যে এ্যাডভেঞ্চারও কাজ করে অনেক বেশি। এদের বয়সও কিন্তু বেশি নয়, সতের থেকে একুশ।
তিনি বলেন, এই বয়সের ছেলেমেয়েদের প্রভাবিত করা খুব সহজ। তাদের মন নরম থাকে। এডভেঞ্চার প্রিয় হয়। এখন ইন্টারনেটে প্রচুর লিটারেচার পায়। আইএসের লিটারেচার,আল-কায়দার লিটারেচার পাওয়া যাচ্ছে, জঙ্গিবাদেও মডিউল পাওয়া যাচ্ছে। কেন জিহাদ করতে এ সংক্রান্ত প্রচুর লিটারেচার পাওয়া যায়। এছাড়া ছবিটবি দেখেও উদ্বুদ্ধ হচ্ছে। ধর্মের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, নবীর কারীম (স.) বিরুদ্ধে কথা বলা হচ্ছেÑ এসব শুনে ধীরে ধীরে ওরা নিজেদের ওই পথে নিয়ে যাচ্ছে। এছাড়া সমাজে ওরা চুপচাপ থাকে। খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ কম। এই ছেলেমেয়েরা খুব সহজেই আকৃষ্ট হয় জঙ্গিবাদে।
এক প্রশ্নের জবাবে জায়েদুল আহসান পিন্টু বলেন, নব্বইয়ের দশকের শেষের দিকে জেএমবি, হরকাতুল জিহাদের মতো সংগঠনগুলোর লোকজনও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল। কিন্তু বিগত তিন-চার বছর ধরে বাংলাদেশে যে জঙ্গিবাদ দেখছি তা শুধু মাদ্রাসা কেন্দ্রীকই নয়, দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছে। গুলশানে যে ঘটনাটি ঘটল সেখানেও দেখা যাচ্ছেÑ দেশ-বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করা শিক্ষার্থী। এদের প্রায় প্রত্যেকেই উচ্চশিক্ষিত। আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। এখন আমরা বলতে পারি না শুধু মাদ্রাসায় পড়ালেখা করা শিক্ষার্থীরাই জঙ্গি কর্মকান্ডের সঙ্গে যুক্ত হয়, আইএস ফেনোমেনা শুরু হওয়ার পর থেকে এটা এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাও জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ততা জড়াচ্ছে। এই ফেনোমেনাটা আতঙ্কের বিষয়।
জায়েদুল আহসান পিন্টু আরও বলেন, বাংলাদেশে এখন জঙ্গিদের সংখ্যা খুব বেশি না হলেও যারাই রয়েছে, যেকজনই আছে তাদের অধিকাংশই আত্মঘাতী। এখন কেউ যখন আত্মঘাতী হয়ে পড়ে, তখন তাকে দমানো কঠিন। যখন আপনি আপনার জীবন দিতে প্রস্তুত থাকেন, তখন আপনাকে আটকানো খুব কঠিন হয়ে যায়। সিসিটিভি, আর্মি, পুলিশ, বিজিবি দিয়ে আপনি আটকাতে পারবেন না, সে যদি পণ করে নিজেকে বিলিয়ে দিবে। এদেরকে আপনি আইনকানুন দিয়ে আটকাতে পারবেন না, এখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আইএস বলুন, আনসারুল্লাহ বাংলা টিম তাদের অধিকাংশই আত্মঘাতী। তারা প্রচুর গোলাবারুদ সংগ্রহ করেছে, নতুন নতুন রিক্রুুটমেন্ট করছে, প্রত্যেককেই প্রশিক্ষণ দিচ্ছে। প্রথমে মগজ ধোলাই করা হয়। অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের আনাচে-কানাচে এসব হচ্ছে। যারা ধরা পড়ছে, তাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া যাচ্ছে।
জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের জঙ্গিবাদের যে শুরু নব্বইয়ের দশকে, তারপর ১৯৯৮ যখন জেএমবি গঠন করা হলোÑ জেএমবির যে সাতজন সদস্য মজলিসে সূরা সদস্য ছিলেন, তার মধ্যে পাঁচজনই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। শায়খ আব্দুর রহমান, বাংলাভাই, খালেদ সাইফুল্লাহাসহ পাঁচজন ছিলেন। তার মানে কী দাঁড়াল, এখনকার জেএমবির প্রধান, কারাবন্দি মাওলানা সাইদুর রহমান তিনি হবিগঞ্জ জেলার জামায়াতের আমির ছিলেন। জেএমবির আইটি শাখার প্রধান শামীম, তিনিও কারাগারেÑ সেও সাইদুর রহমানের ছেলে। বিএনপি আমলে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখন জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে তদবির করা হয়েছিল। জামায়াতের সঙ্গে জেএমবির সম্পর্ক পুরোনো। আর এখনকার কথা যদি বলেন, শিয়া মসজিদের তাজিয়া হামলা, আশুলিয়া এক পুলিশ, ঝিনাইদহে একজনকে হত্যা চেষ্টায়ও জামায়াত বা শিবিরের লোকজনের সম্পৃক্ততা মিলেছে। আইএসের মুখপত্র তাবিকের সর্বশেষ সংখ্যা, চৌদ্দতম ইস্যু, সেখানে আইএস’এর বাংলাদেশ শাখার প্রধান বলে দাবি করলেন যে ব্যক্তিÑ হানিফ, উনি তো ওখানে ইন্টারভিউতেই বলেছেন, এখন ছাত্র শিবিরের গ্রাসরুট লেভেলের কর্মীরা আইএসে যোগ দিচ্ছে। আবার এদিক দিয়ে ধরাও পড়ছে। সুতরাং এটা অস্বীকার করার কোনো উপায় নেইÑ জামায়াত বা ছাত্রশিবির জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা নেই। অবশ্যই জঙ্গিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশানের সন্ত্রাসী হামলার মতো বড় ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলা করেনি। আর গোয়েন্দা সংস্থার রিপোর্টেরও অভাব রয়েছে। গুলশানের হামলাটি কী জঙ্গি হামলা, তা বুঝতেও তাদের সময় লেগেছে। তার ফলেই পুলিশ সাধারণ সন্ত্রাসী কর্মকান্ড মনে করেই ঘটনাস্থলে গিয়েছিল। পরে জানতে পেরেছে, এটা সাধারণ কোনো সন্ত্রাসী ঘটনা নয়। এ জায়গাটায় থেকে হয়তো তারা শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আটঘাট বেঁধেই নামতে হবে। এরকম অভিযান চালানোর ক্ষমতা পুলিশের ক্ষমতা নেই তা নয়, তবে যদি আত্মঘাতী হয়ে যায় তাহলে সাধারণ নাগরিকদের বাঁচানো দায়িত্বের মধ্যে পড়ে যায়।
সন্ত্রাসী হামলার সংবাদ পরিবেশন নিয়ে মিডিয়ার প্রতি দায়িত্বহীনতার প্রশ্ন উঠেছে। মিডিয়া কী সঠিকভাবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গণমাধ্যমের দুর্বল দিকগুলো কী ছিল? জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আমাদের গণমাধ্যম সবসময় যে ভালো ভূমিকা রাখতে পারছে তা নয়। গুলশান ট্র্যাজেডি আমি ফলো করেছি, দেখেছি মিডিয়ার প্রচুর ভুল, বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশিত হয়েছে, প্রচার হয়েছে। জঙ্গিদের তিনদফার শর্ত দিয়েছেÑ এমন একটি প্রতিবেদন আমিও দেখেছি। জঙ্গি সাইফুল্লাহ মুক্তি, ইসলামী শাসনব্যবস্থা কায়েম নিশ্চিত ইত্যাদি শর্তসমূহ জঙ্গির বক্তব্য হিসেবে মিডিয়ায় এসেছে। এ ধরনের সমঝোতার কোনো চেষ্টাই আসলে হয়নি। জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু যোগাযোগ করতে পারেনি। যোগাযোগই যেখানে করতে পারেনি, সেখানে সমঝোতার প্রশ্ন আসে কোথা থেকে? এটা প্রিন্ট বা অনলাইন মিডিয়া সম্পূর্ণ বানিয়ে বলেছে। আর টেলিভিশনে যদি এ ধরনের সন্ত্রাসী হামলা লাইভ দেখাতে থাকেন, জঙ্গিরা তো বসে বসে সব দেখছে। আপনি যদি লাইভ বলতে থাকেন, আর্মিরা সব ডান দিক থেকে যাচ্ছে, আরেকটি অংশ লেক দিয়ে আসছে, অন্য অংশ ছাদ দিয়ে ঢুকবে, অন্যরা অন্য জায়গায় অবস্থান নিয়েছেÑ তাহলে আপনি অভিযান চালাবেন কিভাবে? অভিযানটি তো সম্পূর্ণ গোপন থাকতে হবে- এটাই তো খুবই স্বাভাবিক। কারণ কতটুকু লাইভ দেখাতে পারব, তার সীমারেখা থাকা উচিত। মাঝেমধ্যে লাইভ দেখালেও তার কতটুকু দেখানো যায় তা নিয়েও আগে থেকেই সবদিক বিচেনা করে নিতে হবে। যখন আমরা গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল হবো, তখন আর সীমারেখার বিষয়টি আসবে না। তখন কেউ বলতে হবে না, যখন নিজেরাই বুঝব নিজেদের দায়িত্ব। তাই, সামনের দিনে গণমাধ্যমের দায়িত্বশীলতার পরিচয় রাখতে হবে।
রেস্টুরেন্টে জঙ্গিদের অবস্থান নেওয়ার পরবর্তী কর্মকান্ড বা মানুষ খুন কিভাবে করেছে, তাদের প্রক্রিয়া কী ছিলÑ এসব বিষয়ে কী আপনি কিছু জানেন? জায়েদ আহসান পিন্টু বলেন, একে একে সব বিদেশিদের মারা হয়। সঙ্গে তিনজন বাংলাদেশিও মারা পড়ে। মারার পর শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন করেছে। এরপর জঙ্গিরা অনেকটা এনজয় করেই সময় কাটিয়েছে! মানুষগুলো মারার পর যে রক্ত¯্রােত তাতেও তারা অস্বাভাবিক হয়নি, বরং খুব বেশি মাত্রায় স্বাভাবিক ছিল। ওখানে বসেই তারা টুইটারে মেসেজ দিয়েছে। ছবি তুলেছে সবার, তারপর তাৎক্ষণিকভাবে আপলোডও করেছে। রেস্টুরেন্টের লোকজনকে ঢেকে এনে বলছে, কম্পিউটার অন করে দাও। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দাও। ওখানে বসে বসেই সারাক্ষণ সিএনএন, বিবিসি কী বলছে, আন্তর্জাতিক গণমাধ্যম তাদেরকে নিয়ে দেখাচ্ছে, বলছে, লিখছে সবই তারা ফলে করেছে। হাসাহাসি করেছে। বিদেশিদের এমনও বলেছে, তোমরা আমাদের মডারেট মুসলিম বলো। কিন্তু মুসলিমদের মধ্যে মডারেট মুসলিম বলে কিছু নেই। এই দেশ একমাত্র শরীয়া আইনে চলবে ইত্যাদি বলেছে। গুলশান ট্র্যাজেডিতে ওইদিন ঘটনাস্থলে ঢুকেই প্রথমে বিদেশিদের আলাদা করে ফেলেছে। বাংলাদেশিদেরও আলাদা করে ফেলেছে। জিজ্ঞেস করেছে, কে কোন দেশের। জঙ্গিরা বাংলাদেশিদের বলে দেয়, তোমরা চিন্তা করো না, তোমাদের মারতে আমরা আসিনি। মারতে এসেছি বিদেশিদের। সেহেরির সময় বাংলাদেশিদের সেহরি করিয়েছে। কে কী খাবে তা জানতে চেয়েছে।
গুলশানের সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক চাপ বা খড়গ নেমে আসার কোনো সম্ভাবনা দেখছেন কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলশান সন্ত্রাসী হামলার ফলে বাংলাদেশের ওপর আন্তুর্জাতিক চাপ বা খড়গ নেমে আসার সম্ভাবনা বা আশঙ্কা নেই। হস্তক্ষেপেরও কোনো সুযোগ নেই। কারণ এই ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে, কারা করেছে, জঙ্গি দমনে সরকারের আন্তরিকতা প্রত্যক্ষ করেছে সারাবিশ্ব। জঙ্গি হামলা তো শুধু বাংলাদেশেই হয়নি, ফান্স, আমেরিকা, বেলজিয়াম কোথায় আসলে জঙ্গি হামলা হচ্ছে না? ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যÑ দুনিয়ার প্রায় সব জায়গায়-ই জঙ্গিরা হামলার চালানোর চেষ্টা করছে। কেউ কি বেলজিয়াম, ফ্লান্স কিংবা আমেরিকার ওপর হস্তক্ষেপ করছে? এটা বৈশ্বিক সমস্যা। সমস্যাটা এসেছে ওইসব দেশ থেকেই। তার ঢেউ এসে পড়েছে বাংলাদেশে। প্রায় সারাবিশ্বে যখন এ ধরনের ঘটনা ঘটছে, ফলে এককভাবে কোনো রাষ্ট্রের ওপর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বরং এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় সেই চেষ্টাই এখন সবাই মিলে করছে। তবে আমাদের অর্থনীতিতে এই জঙ্গি হামলার প্রভাব পড়তে পারে। কোনো কোনো বিদেশি চিন্তা করতে পারেন, আমি বাংলাদেশে ব্যবসা করতে যাব না কিংবা ব্যবসা করব না। ট্যুরিস্ট হয়তো কম আসতে পারে। এসব হতে পারে।


























































