পূর্বাশা ডেস্ক:
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় একটি ট্রাক বিধ্বস্ত হয়েছে। লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে ট্রেনের ইঞ্জিন। এতে চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এতে ফেনীর মোহাম্মদ আলী এলাকা থেকে মহিফাল পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
স্থানীয়রা জানান রাত সাড়ে তিনটার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক রেল লাইনের ওপর উঠলে, হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।
এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেন এসে ধাক্কা দেয় ট্রাকটিকে। এতে লাইনের ওপর কাত হয়ে পড়ে যায় ট্রেনের ইঞ্জিন।
কিছুক্ষণ পর আরেকটি ইঞ্জিন এসে মালবাহী বগিগুলো টেনে ফেনী স্টেশনে নিয়ে যায়। ইঞ্জিনটি উদ্ধারে চট্টগ্রাম ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।


























































