শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

chbi11111_20823_1470020810-550x310 পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে খালেদ সাইফুল্লাহ নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সোমবার শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুবির বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্র খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং ৭ম ব্যাচের ছাত্র। এ ঘটনায় ক্যাম্পাসে উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে কুবি প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করে। এদের মধ্যে ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের গুরুতর আহত খালেদ সাইফুল্লাহকে কুমেক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে মুঠোফোনে কুবির রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ ছাত্র খালেদ সাইফুল্লাহ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এদিকে ওই ছাত্রের মৃত্যুর খবরে কুবিতে বিবদমান ওই দু’গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা পর বিশ্ববিদ্যালয় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল তাগ্যের নির্দেশ দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি