শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে সামাজিক আন্দোলনের আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

896f3a8767f9732f61f20d256ea3d661-06

পূর্বাশা ডেস্ক:

সারা দেশের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সবার দায়িত্

পূর্বসিদ্ধান্ত অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেয়। কেন্দ্রীয়ভাবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস বন্ধ করা যাবে না। এ জন্য সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে তাঁরা এখানে মানববন্ধন করেছেন। পর্যায়ক্রমে স্কুলভিত্তিক কমিটি গঠন করেও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম চালানো হবে বলে মন্ত্রী জানান।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের শিক্ষার্থীদের প্রতি নজর রাখুন। অভিভাবকদের প্রতি অনুরোধ সন্তানদের প্রতি নজর রাখুন। নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

একই জায়গায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, এই মানববন্ধন মূলত সচেতনতামূলক কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে এটি আরও জোরদার করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশ নেয়।

মানববন্ধনে অংশ নিয়ে বেগম বদরুন্নেসা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া ইসলাম বলেন, তারা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে এ ধরনের সন্ত্রাসী, জঙ্গি তারা দেখতে চায় না। বাংলাদেশ সুন্দর ও নিরাপদ হবে। তাদের জীবনও নিরাপদ হবে। এমন প্রত্যাশায় তিনি এখানে অংশ নিয়েছেন। একই সুর ছিল অংশগ্রহণকারী সবারই। বিভিন্ন ব্যানারেও লেখা ছিল জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান।

পুলিশের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর অন্তত ৩০টি পয়েন্টে বড় জমায়েত হয়েছে।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাটখোলায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, ছোট থেকেই তাঁরা ছেলেমেয়েদের সচেতন করতে চান। সরকারের জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে সমর্থন জানাতেই মানববন্ধনে অংশ নিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি