উত্তরের বেশ কয়েকটি জেলার পর এবার বন্যার বিস্তার ঘটতে শুরু করেছে দেশের মধ্যাঞ্চলে। রাজধানী ঢাকার আশেপাশের নদনদীগুলোতেও পানি বাড়ছে, তবে বিপদের তেমন কোনো আশঙ্কা নেই এখন পর্যন্ত। আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েক বছর পর এবার বড় একটি বন্যার কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
দুর্গত অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন দেখা দিয়েছে প্রবলভাবে। সরকারি ভাবে পরিস্থিতি কিভাবে সামাল দেয়া হচ্ছে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহম্মেদ বলেন, মধ্যাঞ্চলের এলাকায় হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। এর ফলে এ পর্যন্ত প্রায় ১৮ থেকে ২০ লাখ মানুষ পানি বন্দি হয়েছে। এমতাবস্থায় ঐ সকল মানুষদের বন্যা আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় প্রদান করা হয়েছে।
যারা বন্যা দুর্গত তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছেন? এবং সবাইকে কি পর্যাপ্ত ত্রাণ দেয়া সম্ভব হচ্ছে? জবাবে তিনি বলেন, ঐ সকল জেলাগুলোতে আমরা পর্যাপ্ত ত্রাণ, ঔষুধ বিশুদ্ধ পানিসহ এখন পর্যন্ত ৯ হাজার মেট্রিকটন চাল এবং ৪ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এমনকি শুকনো খাবার ক্রয় করার জন্য ৩ কোটি টাকাও বরাদ্দ করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে আসলে কতদিন দুর্গতদের ত্রাণ দেয়া সম্ভব হবে? উত্তরে তিনি বলেন, বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমরা আরও ত্রাণ সহায়তা বাড়াবো। প্রয়োজনে আগামী ২মাস ৩ মাস ডিজিএফ হিসেবে তালিকা করে দুর্গত এবং গরিবদের প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
ত্রাণ দেয়ার ক্ষেত্রে কি সবাইকেই ত্রাণ দেওয়া হয়, না কি কে ত্রাণ পাবে সেটা নির্ধারণে কোনো বিশেষ বিবেচনা রয়েছে আপনাদের? এখানে সবাই ত্রাণ পাবে না। যারা ধনী তারা ত্রাণ নিবেও না এবং তাদেরকে ত্রাণ দেয়াও হবে না। এখানে যারা গরিব এবং যাদের বেশি ক্ষতি হয়েছে তাদেরকেই ত্রাণ দেয়া হচ্ছে। এবং স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকারের সহায়তায় যারা দুর্গত এবং যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের তালিকা তৈরি করে সেই অনুযায়ী ত্রাণ দেওয়া হচ্ছে।
ত্রাণের সাথে দুর্নীতির বিষয়টা জড়িয়ে থাকে, সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি কিভাবে আপনারা মোকাবেলা করেন? জবাবে তিনি বলেন, যদিও বিষয়টা ঠিক বলেছেন, তারপরেও এই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে ১৮ জন কর্মকর্তাকে ১৮টি জেলায় নিয়োগ করা হয়েছে। তারা বর্তমানে সেই সকল এলাকাগুলোতে আছেন। এবং তারা সব সময় ত্রাণের বিষয়টা তদারকি করছেন। যাতে ত্রাণ বিতরণে কোনো সমস্যা না হয়। আমরা এখন পর্যন্ত দুর্নীতি কোনো অভিযোগ পাইনি।
দুর্গত এলাকাগুলোতে আপনারা কিভাবে ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছেন এবং সেখানে স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা কি আপনারা পেয়েছেন? জবাবে তিনি বলেন, বন্যা হলে একটা সুবিধা আছে। সেটা হলো নৌকা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। এবং আমরা স্থানীয় চেয়ারম্যানসহ সকলের সহায়তা পাচ্ছি ত্রাণ বিতরণের ক্ষেত্রে।


























































