শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন : খালেদা জিয়া


দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন : খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৬

1459833687410-550x351

পূর্বাশা ডেস্ক:

ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলার ব্যাপক অঞ্চল প্লাবিত হওয়ায় বন্যাউপদ্রুত অঞ্চলসমূহে খাদ্য ও সুপেয় পানির ব্যাপক সংকট ও বানভাসী মানুষদের অবর্ণনীয় দূর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রান তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

বিএনপি চেয়ারপার্সন মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানী, হাজার হাজার বাড়ীঘর বিধস্ত, ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন বন্যাকবলিত মানুষদের প্রতি দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। এহেন প্রাকৃতিক দুর্যোগ বন্যায় পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার পরিজন এবং দুঃখ দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ঔষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দিবে।

উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলাগুলোর বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সাথে এগিয়ে আসার আহবান জানান খালেদা জিয়া।

তিনি বলেন, এটা সত্য যে, ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগযুগধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারেও শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই গুরুতর সংকটে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি