
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুঘর্টনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।
শনিবার (৬ আগষ্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার ঝাগুরজুলি, বুড়িচং উপজেলার কাবিলা এবং শুক্রবার (৫ আগষ্ট) রাত ৯ টার দিকে দুর্ঘটনা ৩টি ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালি জেলার ইসমাঈল হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মাইনুদ্দিন (২৪), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ও কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক। অপর নিহত (৪৫) ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে বুড়িচং উপজেলার কাবিলায়। ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন পুরুষ যাত্রী নিহত হন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নোয়াখালি জেলার বাসিন্দা ইসমাইল হোসেন ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত হন আরো ৫ জন।
অপরদিকে একই মহাসড়কের কুমিল্লার আর্দশ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় একটি ট্রাকের পেছনে ঢাকাগামী একটি মিনি ট্রাক ধাক্কা দিলে মিনি ট্রাকের হেলপার মাইনুদ্দিন নিহত হন।
মরদেহগুলো ময়নামতি হাইওয়ে ফাড়িঁতে রয়েছে।
এদিকে শুক্রবার রাত ৯ টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরাবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

























































