স্টাফ রিপোর্টার ঃ
পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বুড়িচং ও সদর দক্ষিণ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।
সোমবার (৮ আগষ্ট) দুপুরে তাদের উপজেলার নিজ নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমান। তিনি নোয়াখালি জেলার চাটখিল উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের সাবেক সুপার ছিলেন।
অপরজন কুমিল্লার সদর দক্ষিল উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারী। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা গ্রামের এরশাদ হোসেন পাটোয়ারীর ছেলে। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক এসএএস ছিলেন।
কুমিল্লা দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংক ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ২২ কর্মকর্তা মিলে পেনশন প্রাপ্তদের ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন।
এ ঘটনায় দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারি পরিচালক নুরুল হুদা বাদি হয়ে ২২ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন। আসামিদের বিকেলে কুমিল্লা দুদক কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪


























































