শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চেন্নাইগামী ট্রেনে লুট ৫ কোটি ৭৮ লক্ষ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৬

Railway-3-550x376

পূর্বাশা ডেস্ক:

চেন্নাইগামী চলন্ত ট্রেন থেকে লুট ৫ কোটি ৭৮ লক্ষ টাকা। তামিলনাড়ুর সালেম থেকে নগদ ৩৪০ কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেন চেন্নাই পৌঁছনোর পরে দেখা যায়, ২২৬টি বাক্সের মধ্যে চারটি বাক্স ভেঙে লুট হয়েছে নগদ ৫ কোটি ৭৮ লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, ভাঙা ছিল পণ্যবাহী বগির হাওয়া চলাচলের জায়গাটি। সালেম-বিন্ধ্যাচলম শাখায় ট্রেন ডিজেল ইঞ্জিনে চলার সময় দুষ্কৃতীরা ট্রেনের ছাদ দিয়ে ঢুকে টাকা লুট করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশি নজরদারি সত্বেও এই ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৬৩ সালে লন্ডনে এরকমই এক দুঃসাহসিক ট্রেন ডাকাতির ঘটনা ঘটে।  গ্লাসগো থেকে লন্ডনের মধ্যে বাকিংহ্যামশায়ারের লেডবার্নে ডাক ট্রেন থেকে লুট হয় নগদ টাকা। যার বর্তমান মূল্য ৫ কোটি পাউন্ড। তদন্তে জানা যায়, ট্রেনের সিগনাল ব্যবস্থায় কারচুপি করে ১৫ জনের একটি দল ট্রেন থামিয়ে লুট করে টাকা। নির্দিষ্ট বগিতেই হানা দিয়েছিল তারা। তদন্তকারীরা জানতে পারেন, ডাক বিভাগেরই এক কর্মী লুটেরাদের তথ্য দিয়েছিল। কয়েকমাস ধরে পরিকল্পনা করেই লুটপাট চালানো হয়। ৫৩ বছর আগে লুঠ হওয়া সেই টাকার অধিকাংশই উদ্ধার করা যায়নি।

চেন্নাইয়ের ট্রেন ডাকাতিতে লন্ডনের সেই ‘দ্য গ্রেট ট্রেন রবারি’-র ছায়া। ঘটনাক্রমে মিল থাকায় প্রশ্ন উঠছে, চেন্নাইয়ে ট্রেন থেকে লুট হওয়া টাকা কী শেষপর্যন্ত উদ্ধার হবে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি